নেত্রকোনার জেলা প্রশাসককে প্রাণনাশের হুমকি
নেত্রকোনার জেলা প্রশাসক আবুল কালাম আজাদকে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এ অভিযোগে জেলা প্রশাসকের পক্ষে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নেত্রকোনা কালেক্টরেটের গোপনীয় শাখার সহকারী কমিশনার প্রণয় চাকমা।
নেত্রকোনা মডেল থানা পুলিশ সূত্র জানায়, গতকাল রোববার সন্ধ্যা ছয়টা ২৮ মিনিটে একটি নম্বর থেকে আবুল কালাম আজাদের সরকারি মুঠোফোনে ফোন করে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় রোববার রাতেই থানায় জিডি করা হয়। জিডি নম্বর ৩৫০। তবে কেন হুমকি দেওয়া হয়েছে, এমন কোনো তথ্য জিডিতে উল্লেখ নেই।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম কাউসার আহমেদ জিডির সত্যতা নিশ্চিত করেছেন। মডেল থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর সরকার প্রথম আলোকে বলেন, মোবাইল নম্বরের সূত্র ধরে অনুসন্ধান চলছে।
জেলা প্রশাসক আবুল কালাম আজাদের সরকারি মোবাইল ফোনটি বন্ধ রয়েছে। এ কারণে হুমকির ব্যাপারে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। জেলা প্রশাসকের পক্ষে থানায় জিডি করা প্রণয় চাকমার সরকারি মোবাইল ফোনে রিং হলেও তিনি ধরেননি।