নেত্রকোনার তিন সড়কে অতিরিক্ত গতিরোধক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়কে গতিরোধক দেওয়া হয় যাত্রী ও পথচারীদের নিরাপত্তার জন্য। কিন্তু নেত্রকোনার শ্যামগঞ্জ-বিরিশিরি, নেত্রকোনা-মদন ও নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের গতিরোধকগুলো যাত্রীদের জন্য দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা গেছে, নেত্রকোনার ওই সড়ক তিনটিতে মোট ৭৫টি গতিরোধক রয়েছে। অপরিকল্পিতভাবে এবং কোনো নিয়ম না মেনে এগুলো নির্মাণ করায় সড়কগুলোতে চলাচলকারীদের ভোগান্তি বেড়েছে। তাই ভুক্তভোগী যাত্রী ও যানবাহন চালকেরা এগুলো অপসারণের দাবি জানিয়েছেন। সরেজমিনে দেখা গেছে, ৩৭ কিলোমিটার দৈর্ঘ্যের শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কে সওজের সংস্কারকাজ চলছে। এরই মধ্যে পূর্বধলা উপজেলার আতকাপাড়া পর্যন্ত ১৮ কিলোমিটারের কাজ শেষ হয়েছে। এই ১৮ কিলোমিটারে ছোটবড় ৩৮টি গতিরোধক নির্মাণ করা হয়েছে। দুর্গাপুরের লক্ষ্মীপুর বাজারের ১০০ গজের মধ্যে আটটি গতিরোধক রয়েছে। যানবাহন চালকেরা বলেন, এখানে একটি গতিরোধকই যথেষ্ট ছিল। ঝাঁকুনিতে যানবাহনের যাত্রী ও চালকদের শরীর ব্যথা হয়ে যায়। গাড়ির যন্ত্রাংশও নষ্ট হয়। প্রায়ই গতিরোধকে গাড়ির গতি ধীর করা মাত্র ডাকাতির কবলে পড়তে হয়। এদিকে নেত্রকোনা-মদন সড়কের ২৮ কিলোমিটারে ১২টি এবং ৩৯ কিলোমিটার দীর্ঘ নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কে ২৫টি গতিরোধক করা হয়েছে। কয়েকজন চালক বলেন, গতিরোধকগুলো বেশ উঁচু। তাই অনেক দূর থেকেই গাড়ির ব্রেক কষতে কষতে আগাতে হয়। এতে একদিকে ঝাঁকুনিতে যাত্রীরা বিরক্ত হন, আরেক দিকে দ্বিগুণ সময় লাগে। এ ছাড়া গতিরোধকগুলো চিহ্নিত করা হয়নি। তাই নতুন কোনো চালক গাড়ি নিয়ে এলে দুর্ঘটনার কবলে পড়েন।মোটরসাইকেল নিয়ে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কে প্রতিদিন চলাচল করেন শিক্ষক জাকির আহমদ খান। তিনি বলেন, এটুকু সড়কে এত গতিরোধক! এগুলো দুর্ঘটনা আর বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তা ছাড়া ঝাঁকুনিতে রোগী ও শিশুদের প্রাণ ওষ্ঠাগত হয়। অপ্রয়োজনীয় গতিরোধক অবিলম্বে অপসারণ করা জরুরি। নেত্রকোনা-মদন সড়কে নিয়মিত যাতায়াত করা মীর রাহিদুল ইসলাম বলেন, গতিরোধকগুলোতে রং করা নেই। ফলে মোটরসাইকেলসহ যানবাহনের গতি কমাতে খুবই অসুবিধায় পড়তে হয়। আবার গতিরোধকের একেবারে কাছে এসে ব্রেক কষলে দুর্ঘটনার ঝুঁকি থাকে। নেত্রকোনা সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদ খান বলেন, ‘সওজের রাস্তায় গতিরোধক দেওয়ার নিয়ম নেই। মূলত আমাদের ইচ্ছার বিরুদ্ধেই এসব গতিরোধক তৈরি করা হয়েছে। সড়কের কাজ চলাকালে এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে ঠিকাদার বাধ্য হয়ে গতিরোধক দিয়েছেন। অপ্রয়োজনীয় গতিরোধকগুলো চিহ্নিত করা হচ্ছে। শিগগিরই সেগুলো অপসারণ করা হবে।’