নেত্রকোনার দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতার আভাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একতরফা নির্বাচন হলেও প্রতিদ্বন্দ্বিতার পরিবেশ সৃষ্টি হয়েছে নেত্রকোনার দুটি আসনে। এ কারণে আপাতত নিরুত্তাপ এ নির্বাচনেও জেলার সর্বস্তরের মানুষের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এই দুটি আসনের নির্বাচন।
এর মধ্যে জেলার দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলা নিয়ে গঠিত নেত্রকোনা-১ আসনে এবার প্রার্থী চারজন। এর তিনজনই আওয়ামী লীগের। তাঁরা হচ্ছেন আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া নৌকা প্রতীকের ছবি বিশ্বাস; বর্তমান সাংসদ, আনারস প্রতীকের মোস্তাক আহমেদ ও সাবেক এমপি মরহুম জালাল উদ্দীন তালুকদারের ছেলে, হরিণ প্রতীকের শাহ কুতুব উদ্দীন তালুকদার। এই আসনে আরও আছেন লাঙ্গল নিয়ে জাতীয় পার্টির আনোয়ার হোসেন খান।
এই চার প্রার্থীর মধ্যে কুতুব উদ্দীন দুর্গাপুর উপজেলার। এ ছাড়া অন্য তিনজনই কলমাকান্দার। কলমাকান্দায় নৌকার প্রার্থী ছবি বিশ্বাসের বিরুদ্ধে সাম্প্রদায়িক প্রচারণা ও অর্থ বিলানো হচ্ছে বলে কয়েকটি এলাকার ভোটারদের অভিযোগ। উপজেলার কৈলাটি ও পোগলা ইউনিয়নের মানুষের কাছ থেকেও এই অভিযোগ পাওয়া গেছে।
এ ছাড়া আসনটিতে রয়েছেন উল্লেখযোগ্য সংখ্যক আদিবাসী ভোটার। তাঁরা সাধারণভাবে নৌকা মার্কায় ভোট দিয়ে থাকেন। এবার তাঁদেরও হুমকি দেওয়া হচ্ছে বলে ওই জনগোষ্ঠীর অনেকে অভিযোগ করেছেন। এই অবস্থায় আসনটিতে শেষ পর্যন্ত কে নির্বাচিত হন, তা নিয়ে জনগণের মধ্যে চলছে নানা জল্পনা-কল্পনা। প্রত্যেক প্রার্থীই এখন কাজ করছেন নিজ নিজ ভোটারদের ভোটকেন্দ্রে আনতে।
নেত্রকোনা-২ আসনেও নির্বাচনী পরিস্থিতি সবার কৌতূহল জাগিয়েছে। জেলার সদর ও বারহাট্টা উপজেলা নিয়ে গঠিত এই আসনে নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আরিফ খান জয়। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগেরই কর্নেল (অব.) আব্দুন নূর খান। তিনি এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীকে নির্বাচন করছেন। ২০০৮ সালের নির্বাচনে তাঁকে আওয়ামী লীগ মনোনয়ন দিয়েও পরে তা প্রত্যাহার করেছিল। এবার জেলা আওয়ামী লীগের অনেকে গোপনে তাঁর পক্ষে কাজ করছেন বলে জানা গেছে।
নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনে নির্বাচনী উত্তাপ ওপরের দুই আসনের তুলনায় অনেকটাই কম। বিশেষ করে এই আসনের দুই প্রার্থীর মধ্যে কেউই আটপাড়ার বাসিন্দা না হওয়ায় এই উপজেলায় নির্বাচনী আবহ নেই বললেই চলে। প্রায় একই অবস্থা নেত্রকোনা-২ আসনের বারহাট্টা উপজেলার।