নেত্রকোনার পাঁচ কিশোর নিখোঁজ আট দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার পূর্বধলা উপজেলার পাঁচ কিশোর আট দিন ধরে নিখোঁজ রয়েছে। এদের মধ্যে তিনজন উপজেলার শ্যামগঞ্জের জালশুকা-কুমুদগঞ্জ উচ্চবিদ্যালয়ের ছাত্র। বাকি দুজন একই এলাকার শালদীঘা তালি-ই-মাটি ইসলামিয়া দাখিল মাদ্রাসায় পড়ে। ১ অক্টোবর নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার কথা বলে তারা বাড়ি থেকে বের হয়। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান মেলেনি।
এ ঘটনায় গত বুধবার প্রত্যেক শিক্ষার্থীর পরিবারের সদস্যরা পূর্বধলা থানায় পৃথকভাবে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
নিখোঁজ শিক্ষার্থীরা হলো পূর্বধলার মহিষবেড় গ্রামের শফিকুল ইসলামের ছেলে আরিফ মিয়া (১৪), ফরিদ মিয়ার ছেলে বেলাল হোসেন (১৫), হেলাল উদ্দিনের ছেলে নয়ন মিয়া (১৪), আইনুদ্দিনের ছেলে মো. হৃদয় (১৩) ও হামেদ আলীর ছেলে রবিকুল ইসলাম (১৩)। এদের মধ্যে বেলাল হোসেন শ্যামগঞ্জের শালদীঘা তালি-ই-মাটি ইসলামিয়া দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণি ও নয়ন মিয়া ষষ্ঠ শ্রেণির ছাত্র। অপর তিনজন শ্যামগঞ্জের জালশুকা-কুমুদগঞ্জ উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। এই পাঁচজনের মধ্যে বেলাল ও নয়ন সম্পর্কে চাচাতো ভাই। আর আরিফ তাদের ভাতিজা। থানার পুলিশ ও নিখোঁজ ছাত্রদের পরিবার সূত্রে জানা গেছে, ১ অক্টোবর সকালে ওই পাঁচ শিক্ষার্থী মাদ্রাসা ও স্কুলে যাওয়ার কথা বলে ব্যাগ নিয়ে বাড়ি থেকে বের হয়।
পূর্বধলা থানার ওসি আবদুর রহমান বলেন, তাদের সন্ধানের চেষ্টা চলছে। পুলিশ সুপার জয়দেব চৌধুরী বলেন, আশা করা যাচ্ছে দ্রুত সময়ের মধ্যেই তাদের উদ্ধার করা সম্ভব হবে।