নেত্রকোনার পাঁচ সড়ক চলাচলের অনুপযোগী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার পাঁচটি সড়ক যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। কাজ পাওয়ার পরও ঠিকাদারেরা যথাযথভাবে সংস্কার না করায় সড়কগুলোর অধিকাংশ স্থানে কার্পেটিং উঠে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। এতে এসব সড়ক দিয়ে যাতায়াত করতে গিয়ে স্থানীয় লোকজন ভোগান্তি পোহাচ্ছে।
এসব সড়কের সংস্কারকাজের বিস্তারিত তথ্য ও জনবল সম্পর্কে তথ্য চেয়ে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের নেত্রকোনা কার্যালয়ে তথ্য অধিকার আইনে দুই দফা আবেদন করা হয়। কিন্তু কোনো তথ্য পাওয়া যায়নি। জানুয়ারি মাসে প্রথমবার আবেদন করার পর নির্বাহী প্রকৌশলী মাসুদ খান উপসহকারী প্রকৌশলী আবু ওয়াহিদ মো. মাহমুদ আল-কিবরিয়ার কাছে পাঠান। ওয়াহিদ তখন বলেছিলেন, সব বিষয়ে তথ্য দেওয়া যাবে না। এরপর গত সেপ্টেম্বরে পুনরায় আবেদন করেও কোনো তথ্য পাওয়া যায়নি।
কয়েক মাস আগে নেত্রকোনা-মদন সড়কে সংস্কারকাজ চলার সময়েই রাস্তায় ফাটল দেখা দেয়। সড়কটিতে বড় সংস্কারকাজের পর দুই মাসের মধ্যেই আবার ছোট সংস্কার শুরু করতে দেখা গেছে।
নেত্রকোনা-মদন সড়কের তেলিগাতি পেট্রলপাম্প এলাকা, বটতলা, শিবাশ্রম, কেশজানি, জয়পাশা, হাঁসকুড়ি, মৈধাম, আলম বাজার, শাহপুর, চানগাঁও, জাহাঙ্গীরপুর, মদন বাজার, মদনসহ উচিতপুর টলার ঘাট পর্যন্ত দীর্ঘদিন ধরে ভাঙা রয়েছে। সংস্কারের এক মাসের মধ্যে তেলিগাতি সিনেমা হলের পূর্ব এলাকা থেকে ৪০০ মিটার এলাকায় গর্ত হয়ে গেছে। মদন-উচিতপুর সড়ক সংস্কার না হওয়ায় ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে।
সরেজমিনে দেখা গেছে, শ্যামগঞ্জ-বিরিশিরি সড়ক সংস্কারের কাজ শুরু হয়েছে। কিন্তু যেনতেনভাবে কাজ করা হচ্ছে। নেত্রকোনা-পূর্বধলা এবং নেত্রকোনা-কেন্দুয়া সড়ক কত বছর আগে সংস্কার হয়েছিল, তা জানা যায়নি।
নেত্রকোনা-পূর্বধলা সড়কে সংস্কারের নামে কিছু জায়গায় কার্পেটিং উঠিয়ে রাখা হয়েছে। এতে প্রায় ১৫ কিলোমিটার পথ অতিক্রম করতে এক ঘণ্টার বেশি সময় লাগছে। নেত্রকোনা-কলমাকান্দা সড়কে অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। প্রায়ই এসব গর্তে বাস, ট্রাকসহ অন্যান্য যানবাহন আটকে যায়।
কলমাকান্দা এলাকার শাহিন খান বলেন, ‘নেত্রকোনা-কলমাকান্দা সড়কের গুতুরা বাজার, পাবই মোড়, পাছুরা, বাবনি, হিরাকান্দা এলাকা বেশি ভাঙা। এর মধ্যে পাবই বাজারের গর্তের পানিতে মাছ ছাড়া যাবে।’
নেত্রকোনা-কেন্দুয়া সড়কের বনোয়াপাড়া বাসস্ট্যান্ড থেকে রামপুর পর্যন্ত মরণফাঁদে পরিণত হয়েছে। সম্প্রতি বাস গর্তে পড়ে গেলে বাসের ছাদে ধাক্কা লেগে নেত্রকোনা সরকারি মহিলা কলেজের এক শিক্ষার্থীর মাথা ফেটে যায়। পরে তাকে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
নেত্রকোনা-কেন্দুয়া সড়কের বাসচালক রফিকুল ইসলাম জানান, কয়েক দিন গাড়ি বন্ধ রেখে প্রতিবাদ করলে রাস্তা ঠিক হতো। প্রায় ১০ বছর ধরে রাস্তাটি খারাপ। আলামিন নামের অপর এক বাসচালক বলেন, ‘৩০ মিনিটের রাস্তায় লাগে এক ঘণ্টা। রাস্তার দায়িত্বে যারা আছে, তাদের জন্যই সড়কের এ অবস্থা।’
সওজের নেত্রকোনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মাসুদ খান বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ না করে কোনো তথ্য দিতে পারব না।’ তিনি আরও বলেন, ‘অধিক প্রশ্নের উত্তর দেওয়ার সময় নেই।’