নেত্রকোনার বিভিন্ন সড়কের বেহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রয়োজনীয় সংস্কার ও মেরামতের অভাবে নেত্রকোনা সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক এখন মরণফাঁদে পরিণত হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, জেলার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়ক, পূর্বধলা-নেত্রকোনা সড়ক, নেত্রকোনা-মোহনগঞ্জ সড়ক ও ঠাকুরাকোনো-কলমাকান্দা সড়কের অবস্থা খুবই নাজুক। এসব সড়কের বিভিন্ন স্থানের কার্পেটিং উঠে খানাখন্দ ও গর্তে ভরে গেছে। সৃষ্টি হয়েছে বিশাল খাদের। অনেক স্থানে ইট, পাথর ও সুরকি উঠে গিয়ে সড়কের চিহ্ন পর্যন্ত নেই। সাম্প্রতিক অবিরাম বর্ষণে সড়কগুলো আরও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েক দিনের বৃষ্টির পানি জমে খাদগুলো কাদাপানিতে একাকার হয়ে গেছে। ঈদকে সামনে রেখে এতে ভয়াবহ দুর্ঘটনার ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। এ দিকে অব্যাহত ভারী বর্ষণে শ্যামগঞ্জ-জারিয়া সড়কের ঝুঁকিপূর্ণ কলাতলী বেইলি সেতুটি পানিতে তলিয়ে গেছে। তা ছাড়া ঠাকুরাকোনা ফেরিঘাটের জেটি, দশধার ও কলমাকান্দা সেতুর সংযোগসড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় কয়েকটি সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।এলাকাবাসী ও ভুক্তভোগীরা জানায়, একান্ত বিপদে না পড়লে কেউ এসব সড়ক দিয়ে যাতায়াত করতে চান না। সড়কগুলোর অবস্থা খারাপ হওয়ায় প্রায় দিন যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহন গর্তে আটকে যায়। বর্তমানে সড়কের দুরবস্থার কারণে যানবাহন চলাচলাও অনেক কমে গেছে। নেত্রকোনা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আরিফ খান বলেন, বহাল সড়কের জন্য গাড়ির অনেক ক্ষতি হচ্ছে। শিগগিরই সড়কগুলো মেরামত করা দরকার। অন্যথায় যেকোনো সময় এসব সড়কে অনির্দিষ্টকালের জন্য যানবাহন চলাচল বন্ধ হয়ে যেতে পারে।সড়কের দুরবস্থার বিষয়টির সত্যতা স্বীকার করে নেত্রকোনা সওজের নির্বাহী প্রকৌশলী নূরুল হোসেন বলেন, অব্যাহত বর্ষণ ও হাওরে পানি বাড়ার কারণে বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে গেছে। তা ছাড়া শ্যামগঞ্জ-জারিয়া সড়কের কলাতলীসহ বিভিন্ন সড়কের কয়েকটি ঝুঁকিপূর্ণ বেইলি সেতু ও এর সংযোগসড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই ঝুঁকিপূর্ণ সড়ক ও বেইলি সেতুগুলো জরুরিভিত্তিতে সংস্কার ও মেরামত করা প্রয়োজন। কিন্তু বরাদ্দের অভাবে তা সম্ভব হচ্ছে না।