নেত্রকোনার বেশির ভাগ সড়ক বেহাল, ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার ১০টি উপজেলার ছয়টির প্রধান প্রধান সড়ক যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। জায়গায় জায়গায় বড় বড় গর্ত হওয়ায় প্রায়ই বাস ও ট্রাকের চাকা পড়ে আটকে যায়। ফলে একদিকে যাত্রীদের যেমন চরম দুর্ভোগ পোহাতে হয়, তেমনি যানবাহনগুলোর যন্ত্রাংশ ভেঙে ক্ষতিগ্রস্ত হচ্ছেন পরিবহন মালিকেরা।সরেজমিনে দেখা গেছে, নেত্রকোনা-মদন সড়কের প্রায় পুরোটাইতেই বড় বড় গর্ত। গত জুনে কেশজানি থেকে মদন পর্যন্ত যেটুকু রাস্তার কাজ হয়েছে তারও অনেক জায়গার পিচ উঠে গেছে। মদন-উচিতপুর রাস্তারও একই চিত্র। নেত্রকোনা-আটপাড়া রাস্তার মালনি, হরিপুর, শিবগঞ্জ, অভয়পাশা-আটপাড়া রাস্তার হোগল গাঁও, সীতারামপুর, পাহাড়পুর, বানিয়াজান এলাকায় বড় বড় গর্তে পানি জমে যান চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। নেত্রকোনা-কেন্দুয়া রাস্তার পুরোটাই খারাপ।নেত্রকোনা-পূর্বধলা সড়ক বেশ কয়েক বছর ধরেই ভাঙা রয়েছে। পুরো রাস্তায় কার্পেটিং নেই। পূর্বধলা-জারিয়া, ঝাঞ্জাইল-দুর্গাপুর সড়কের কাজ অনেক আগে শুরু হলেও এখনো শেষ না হওয়ায় এসব রাস্তায় চলাচল চরম দুর্ভোগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এডিবির অর্থায়নে রাস্তাগুলোর কাজ শুরু হলেও সংস্থাটি হঠাৎ বরাদ্দ বন্ধ করে দিলে কাজও বন্ধ হয়ে এ দুর্ভোগ সৃষ্টি হয়।নেত্রকোনা-মদন সড়কে নিয়মিত যাতায়াত করেন হারাধন সাহা। তিনি বলেন, ‘দায়ে পড়ে এ রাস্তা দিয়ে যাতায়াত করি। এক দিন গেলে আরেক দিন যেতে ইচ্ছা করে না। এক ঘণ্টার রাস্তা দুই ঘণ্টায়ও শেষ হয় না।’ কলেজশিক্ষক মো. আবু সায়েম বলেন, ‘বর্তমানে আমাদের এলাকার মত এমন বেহাল রাস্তা মনে হয় আর কোথাও নেই। রাস্তাগুলোর কাজ বর্ষাকালে ধরা হয়। বৃষ্টিতেই তো কাজের অর্ধেক নষ্ট হয়ে যায়।’মদন সড়কের বাসচালক মো. আলী মিয়া (৪৫) বলেন, ‘বাস একটা গর্ত থাইক্যা উডাইতে যে সময় লাগে এ গতিতেই প্রায় সারা রাস্তা যাইতে অয়। এত গর্ত যে বাসের গতি তুলন যায় না। এখন বাসে আমরার খরচ বাইড়া গেছে।’সড়ক ও জনপথ বিভাগের নেত্রকোনার নির্বাহী প্রকৌশলী মো. মাসুদ খান বলেন, পিএমপি ও জরুরি পুনর্বাসন প্রকল্পের (১৪১০) আওতায় উল্লিখিত রাস্তাগুলোর কাজ শিগগিরই শুরু হবে। ইতিমধ্যেই ঠিকাদাররা উপকরণ সরবরাহের কাজ শুরু করেছেন। ডিসেম্বরের মধ্যেই নেত্রকোনার যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।