নেত্রকোনার মাদ্রাসাছাত্র নিখোঁজ ছয় মাস

আবদুল্লাহ আল-রাফি (১৩) নামের নেত্রকোনার এক মাদ্রাসাছাত্র ছয় মাস ধরে নিখোঁজ রয়েছে। এত দিনেও ছেলেকে ফিরে না পেয়ে দিশেহারা পরিবার।
রাফির বাড়ি নেত্রকোনা শহরের পূর্বকাটলী এলাকায়। তার বাবা আবদুল সাত্তার সেনাবাহিনীর সার্জেন্ট। বর্তমানে গাজীপুরে শিমুলতলী ডিজেল প্ল্যান্টে কর্মরত তিনি।
পরিবার, স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, রাফি শহরের কুড়পাড় এলাকার ভূঁইয়াবাড়ি হাফিজিয়া মাদ্রাসায় পড়ত। মাদ্রাসার ছাত্রাবাসেই থাকত। ২০১৫ সালের ২৭ ডিসেম্বর সন্ধ্যায় সে বাড়িতে আসে। পরদিন সকাল ১০টার দিকে রাফি মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে সে নিখোঁজ।
রাফির বাবা আবদুল সাত্তার বলেন, রাফির উচ্চতা আনুমানিক সাড়ে চার ফুট। তিনি জানান, বাড়ি থেকে বের হওয়ার সময় তার পরনে ছিল সাদা পাঞ্জাবি ও পায়জামা। ঘটনার পরদিন তিনি নেত্রকোনা মডেল থানায় জিডি করেছেন। নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান প্রামাণিক বলেন, রাফি নামের একটি ছেলে নিখোঁজ আছে। দেশের বিভিন্ন জেলায় পুলিশের কাছে তার ব্যাপারে তথ্য পাঠানো হয়েছে।