নেত্রকোনার হাওরে ট্রলার ডুবে ১০ গরুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নেত্রকোনার খালিয়াজুরি উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের ছায়ার হাওরে ট্রলার ডুবে ১০টি গরুর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরের দিকে এই দুর্ঘটনা ঘটে।
ছায়ার হাওরসংলগ্ন আমানিপুর গ্রামের বাসিন্দা ও কৃষ্ণপুর ইউপির সাবেক সদস্য ফখরুল আলম বলেন, আজ দুপুর ১২টার দিকে কৃষ্ণপুর গ্রামের গরু ব্যবসায়ী (পাইকার) জালাল উদ্দিন তাঁর বাড়ি থেকে ট্রলারে করে ১০টি গরু নিয়ে সিলেটের আজমিরিগঞ্জ বাজারে যাচ্ছিলেন। ছায়ার হাওরের মাঝামাঝি গেলে ট্রলারটি ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা জালাল উদ্দিনসহ চার ব্যক্তি সাঁতার কেটে তীরে ওঠেন। কিন্তু ট্রলারের ভেতর দড়ি দিয়ে বেঁধে রাখা গরুগুলোকে বের করা সম্ভব হয়নি। তিনি আরও বলেন, মারা যাওয়া গরুগুলোর আনুমানিক দাম ৬ থেকে ৭ লাখ টাকা।
খালিয়াজুরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হজরত আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।