নেত্রকোনার ১০৭টি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ঝুঁকিপূর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার ১০টি উপজেলার ১০৭টি প্রাথমিক বিদ্যালয় ভবন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। নিম্নমানের কাজ হওয়ায় অল্পদিনেই ভবনগুলো ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

নেত্রকোনায় প্রাথমিক বিদ্যালয়ের উন্নত পরিবেশে শিক্ষাদান কার্যক্রমকে ত্বরান্বিত করতে ১৯৯০ সালের পর থেকে বিভিন্ন সময় বিদ্যালয়ে ভবন নির্মাণ করা হয়। নির্মাণের ১৫-১৬ বছরেই ভবনগুলোর অধিকাংশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা সদর উপজেলায় ১৭টি, আটপাড়ায় ২৫টি, বারহাট্টায় তিনটি, মোহনগঞ্জে সাতটি, কলমাকান্দায় ছয়টি, দুর্গাপুরে ১৩টি, মদনে ১০টি, খালিয়াজুরীতে একটি, পূর্বধলায় ২২টি, কেন্দুয়ায় তিনটি ভবন ঝুঁকিপূর্ণ বলে আবেদন করেছেন। ভবনগুলো স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলীদের দিয়ে পরিত্যক্ত ঘোষণা করার প্রক্রিয়া চলছে। এগুলোর অধিকাংশই ১৯৯০ সালের পরবর্তী সময়ে নির্মিত।

সম্প্রতি আটপাড়া উপজেলার পাহাড়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পালগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, নিজস্ব ভবনের বাইরে একটি হাফেজিয়া মাদ্রাসার মেঝেতে ও মুরগির খামারের একটি ঘরে পাঠদান চলছে। কখনো খোলা আকাশের নিচেও পাঠদান চলে।

পাহাড়পুর বিদ্যালয় ভবনটি ১৯৯৬-৯৭ অর্থবছরে নির্মিত হয়। আর পালগাঁও বিদ্যালয়টি নির্মিত হয় ১৯৯৭ সালে। নির্মাণের কয়েক বছরের মধ্যে ছাদ দিয়ে পানি পড়া ও পলেস্তারা খসে পড়ার কারণে ভবনগুলো ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।

পাহাড়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আবদুল মতিন বলেন, কাজের মান ভালো না হওয়ায় কম সময়েই এগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।

পালগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ কান্তি দাস বলেন, ভবনটি ১৯৯৭-৯৮ অর্থবছরে নির্মাণ করা হয়। প্রকৌশলীরা ভবনটি দেখে গেছেন। মহাপরিচালকের অধিদপ্তর থেকে জরাজীর্ণ ভবনে পাঠদান না করানোর জন্য চিঠি পাঠানো হয়েছে। এখন পাশের একটি পোলট্রি খামারের ঘরে পাঠদান চলছে।

আটপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল হক বলেন, উপজেলায় ২৫টি বিদ্যালয় ভবন পরিত্যক্ত ঘোষণা করতে আবেদন করা হয়েছে। এসব বিদ্যালয়ে শিক্ষার স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হচ্ছে। ২০০৭-০৮ অর্থবছরে নির্মিত ভবনেও জরাজীর্ণতার চিত্র রয়েছে।

দুর্গাপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিনয় চন্দ্র শর্মা বলেন, ‘অধিকাংশ ভবন নব্বই-পরবর্তী সময়ে নির্মিত। প্রধান শিক্ষকেরা ভবনগুলো পরিত্যক্ত ঘোষণার জন্য আবেদন করেছেন। আমরা ভবনগুলো পরিদর্শন করছি। যে আবেদনগুলো এসেছে এর বেশির ভাগই পরিত্যক্ত ঘোষণা করতে হবে।’

নেত্রকোনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোক্তাল হোসেন সরকার বলেন, এখনো চূড়ান্তভাবে কোনো প্রতিষ্ঠান পরিত্যক্ত ঘোষণা করা হয়নি। যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া চলছে।

নেত্রকোনা এলজিইডির নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান বলেন, একটি ভবন নির্মাণের পর এর স্থায়িত্ব প্রায় ৫০ বছর ধরা হয়। আর উপজেলা পরিষদ এগুলোর দেখাশোনা করে থাকে। কাজের মান নিয়ে প্রশ্ন করলে তিনি কোনো মন্তব্য করতে চাননি।