নেত্রকোনায় অনিয়মের অভিযোগে চারজনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনায় স্বাস্থ্য সহকারী পদে নিয়োগে অনিয়মের অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ চারজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। গত রোববার এ মামলা করা হয়। মামলার আসামিরা হচ্ছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও পরিচালক, সিভিল সার্জন ও চাকরিপ্রার্থী সাজেদা আক্তার। বিচারক আসামিদের সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন।নেত্রকোনার সিনিয়র সহকারী জজ আদালতে এ মামলা করা হয়। মো. আইয়ুব আনছারী নামের এক প্রার্থী এ মামলা করেন।মামলার আরজিতে উল্লেখ করা হয়েছে, বাদী কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড থেকে স্বাস্থ্য সহকারী পদে আবেদন করে লিখিত পরীক্ষায় পাস করেন। গত ২৮ জানুয়ারি মৌখিক পরীক্ষায় অংশ নিয়ে তিনি জানতে পারেন, বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়নের রামপুর চরপাড়া গ্রামের সাজেদা আক্তার নামের আরেক প্রার্থীও মৌখিক পরীক্ষায় অংশ নিয়েছেন। ১৩ এপ্রিল প্রকাশিত মৌখিক পরীক্ষার ফলাফলে দেখা যায়, সাজেদা আক্তারকে বাদীর ওয়ার্ডে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে বাদী খোঁজ নিয়ে জানতে পারেন, সাজেদা আক্তারের স্থায়ী ঠিকানা নেত্রকোনা সদর উপজেলার রৌহা ইউনিয়নের বড় গারা গোপালপুর গ্রামে।