নেত্রকোনায় আরও এক স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত

নেত্রকোনায় নতুন করে আরও এক নারী স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের ল্যাবে পরীক্ষায় তাঁর শরীরে কোভিড-১৯ ধরা পড়ে।
এ নিয়ে জেলায় গত ৯ দিনে মোট ২৩ জন আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ১০ জন নারী। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ২১ জনেরই চিকিৎসা চলছে নিজ বাড়িতে।
স্থানীয় বাসিন্দা ও জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, ১০ এপ্রিল জেলায় প্রথম দুজনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়। এর মধ্যে একজন খালিয়াজুরি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স (২৮)। অপরজন সদর উপজেলার বাসিন্দা (৫০)। ওই ব্যক্তি নারায়ণগঞ্জের একটি পোশাক কারখানায় কাজ করেন। সেখান থেকে ৯ এপ্রিল সর্দি-জ্বর নিয়ে তিনি নিজ বাড়িতে আসেন। আর হাসপাতালের ওই নার্সের বাড়ি গাজীপুরের কোনাবাড়ি এলাকায়। তিনি প্রায় দুই সপ্তাহের ছুটি শেষে ৬ এপ্রিল কর্মস্থলে যোগদান করে ৩ দিন ডিউটি করেন। এরপর তাঁর শরীরে করোনা শনাক্ত হয়। ওই দুজনকে ১২ এপ্রিল থেকে হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। তাঁদের মধ্যে নার্সকে ময়মনসিংহের এসকে হাসপাতালে এবং ওই ব্যক্তিকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের আইসোলেশনে রাখা হয়।
আজ পর্যন্ত জেলায় মোট ২৩ জন করোনায় আক্রান্ত হন। তাঁদের মধ্যে সদর উপজেলায় ৫ বছরের এক শিশুসহ ৪ জন, খালিয়াজুরিতে ৪ জন, বারহাট্টায় ১০ জন, মোহনগঞ্জে ২ জন, কলমাকন্দায় ২ জন ও কেন্দুয়ায় ১ জন রয়েছেন। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ১ জন শিশু, ১ জন এনজিওকর্মী, ৫ জন স্বাস্থ্যকর্মী, ১২ জন পোশাককর্মীসহ অন্যরা বিভিন্ন পেশায় রয়েছেন।
জেলা সিভিল সার্জন মো. তাজুল ইসলাম বলেন, ‘নেত্রকোনায় মোট ২৩ জনের মধ্যে দুজনকে হাসপাতালের আইসেলেশনে রাখা হয়েছে। তাঁদের সদর এলাকার ওই ব্যক্তি এখন সুস্থ হওয়ার পথে। তাঁর দুবার নমুনা পরীক্ষা করা হয়েছে। গতকাল শুক্রবারের পরীক্ষায় নেগেটিভ এসেছে। আবারও নমুনা পরীক্ষায় নেগেটিভ এলে তাঁকে পর্যবেক্ষণে রেখে ছাড়পত্র দেয়া হবে। এ ছাড়া বাকি সবাইকে আমাদের তত্ত্বাবধানে তাঁদের নিজ নিজ বাড়িতে রেখেই চিকিৎসা দেয়া হচ্ছে। তাঁদের শারীরিক অবস্থার কোনো রকম অবনতি হলে সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’
জেলা প্রশাসক মঈনউল ইসলাম বলেন, ‘আক্রান্ত ব্যক্তিদের এলাকা লকডাউনসহ ওই সব পরিবারের সদস্যরা কোয়ারেন্টিনে আছেন।’