নেত্রকোনায় আরও তিনজনের করোনা শনাক্ত
নেত্রকোনায় আরও তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে দুজন নারী। আক্রান্ত ব্যক্তিদের বয়স ২২ থেকে ৫০ বছর। আজ বুধবার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় তাঁদের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এ নিয়ে জেলায় গত ছয় দিনে মোট ১৬ জন আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে আটজন নারী। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে পোশাককর্মী, নার্স ও এনজিওকর্মী আছেন।
তাঁদের বাড়ি কেন্দুয়ার দলপা, খালিয়াজুরি ও সদর উপজেলার লক্ষ্মীপুর গ্রামে। এর আগের দিন ময়মনসিংহ মেডিকেল কলেজের ল্যাবে পরীক্ষায় বারহাট্টা উপজেলার বাউসী ইউনিয়নের দেওপুর, চানপুর ও আসাম এবং খালিয়াজুরির জগন্নাথপুর গ্রামের মোট আটজনের কোভিড-১৯ শনাক্ত হয়। তাঁরা ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে তৈরি পোশাক কারখানায় কাজ করতেন। গত তিন–পাঁচ দিন আগে তাঁরা কর্মস্থল থেকে নিজ বাড়িতে আসেন। এরপর থেকে তাঁদের জ্বর, সর্দি, গলাব্যথা ও শ্বাসকষ্ট দেখা দিলে চিকিৎসকেরা তাঁদের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজের ল্যাবে পরীক্ষার জন্য পাঠান। ওই পরীক্ষায় তাঁদের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে।
আজ সন্ধ্যায় করোনায় আক্রান্তের খবর পাওয়ার পরপরই জেলা প্রশাসনের পক্ষ থেকে ওই গ্রামগুলোক লকডাউন করে দেওয়া হয়। অবশ্য গত সোমবার দুপুর থেকেই জেলা প্রশাসক মঈনউল ইসলাম পুরো জেলাকেই লকডাউন ঘোষণা করেন।
এ বিষয়ে জেলা প্রশাসক মঈনউল ইসলাম প্রথম আলোকে বলেন, নেত্রকোনায় নতুন করে আরও তিনজন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ১৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হলেন। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে খালিয়াজুরি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক সিনিয়র স্টাফ নার্সকে (২৮) ময়মনসিংহের একটি হাসপাতালে এবং সদর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের এক ব্যক্তিকে (৫০) নেত্রকোনা সদর হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। অন্যরা এখনো নিজ বাড়িতেই কোয়ারেন্টিনে আছেন।