নেত্রকোনায় আরও নয়টি বাঁধ ভেঙে ফসল প্লাবিত
‘ফসল সন্তানের মতো কইর্যা বড় করছি। চোখের সামনে শ্যাষ হইয়া গেল।’
কথাগুলো বলছিলেন নেত্রকোনার খালিয়াজুরি সদরের কোনাপাড়ার কৃষক মোহসীন মিয়া। তিনি একা নন। তাঁর মতো অসহায় অবস্থা হাওর জনপদের হাজার হাজার কৃষকের।
গত সপ্তাহ থেকেই অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে একের পর এক বাঁধ ভেঙে ফসলি জমি নষ্ট হচ্ছে। আজ বুধবার বিকেল পর্যন্ত খালিয়াজুরি উপজেলার আরও নয়টি ফসল রক্ষা বাঁধ ভেঙে গেছে। জেলার নয়টি উপজেলায় আজ বুধবার বিকেল পর্যন্ত প্লাবিত ফসলের পরিমাণ দাঁড়িয়েছে ৩০ হাজার ৪৪০ হেক্টর। জেলা কৃষি বিভাগের তথ্যমতে, অকালবন্যায় এ পর্যন্ত ৭৭ হাজার ৫০০টি কৃষক পরিবারের ১ লাখ ৭৩ হাজার ৫০৮ মেট্রিক টন ধান ক্ষতি হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, ধনু নদী দিয়ে বয়ে আসা পাহাড়ি ঢলের চাপে গতকাল মঙ্গলবার রাত থেকে আজ বিকেলের মধ্যে খালিয়াজুরির মেন্দিপুর ইউনিয়নের নাওটানা, পুটিয়া, পেটনা, কুড়পার এবং গাজীপুর ইউনিয়নের কেওরালা, কুমারিয়া, কেদারিয়া, পুইট্যা এবং খৈল্যার বাঁধ ভেঙে যায়। বাঁধ ভাঙা পানিতে মেন্দিপুরের রোয়াইল, ঝালখালি, পুটিয়া, পেটনা এবং গাজীপুরের বুড়বুড়িয়া, বেড়ি ও ফেনার হাওরসহ অন্তত ২০টি ছোট-বড় হাওরের ৭০ থেকে ৮০ ভাগ বোরো ধান নতুন করে তলিয়ে গেছে।
গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান চৌধুরী বলেন, কৃষকদের জোরালো দাবি এবং স্থানীয় এমপির সুপারিশ থাকা সত্ত্বেও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) চলতি বছর গাজীপুর ইউনিয়নের কোনো বাঁধ রক্ষণাবেক্ষণের কাজ করেনি। এ কারণে একটি বাঁধও কৃষকের ফসল রক্ষা করতে পারেনি। তিনি জানান, এরই মধ্যে এলাকায় চালের দাম বেড়ে গেছে। স্থানীয় বাজারে ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে চাল বিক্রি হচ্ছে।
খালিয়াজুরি উপজেলা কৃষি বিভাগ সূত্র জানায়, ওই উপজেলার মোট ২০ হাজার হেক্টর জমির মধ্যে বুধবার বিকেল পর্যন্ত প্রায় ৬০ ভাগই তলিয়ে গেছে। বৃষ্টি ও পাহাড়ি ঢল অব্যাহত থাকলে আগামী দু-তিন দিনের মধ্যে বাকি ৪০ ভাগও তলিয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহ আলম মুকুল প্রথম আলোকে জানান, কৃষি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মঈন উদ্দিন আবদুল্লাহসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা গত মঙ্গলবার রাত সাড়ে আটটা পর্যন্ত অকালবন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। এ সময় তাঁরা কৃষকদের পুনর্বাসনে পর্যাপ্ত সহযোগিতার ব্যবস্থা নেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়ে গেছেন।