নেত্রকোনায় ইউএনওর ফোনে স্কুলছাত্রীর বাল্যবিবাহ বন্ধ
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হয়েছে দশম শ্রেণির এক ছাত্রীর (১৫) বাল্যবিবাহ। গতকাল মঙ্গলবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুজ্জামান মুঠোফোনে মেয়েটির পরিবারকে অনুরোধ জানালে তারা বিয়ে বন্ধ করে।
ইউএনও আরিফুজ্জামান আজ বুধবার সকালে প্রথম আলোকে বলেন, ‘মেয়েটির পরিবার গোপনে বিয়ের আয়োজন করেছিল। বাল্যবিবাহের কুফল সমন্ধে তাদের বুঝিয়ে বিয়েটি বন্ধ করা হয়েছে।’
ইউএনও জানান, প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েটির পরিবার তাকে বিয়ে দেবে না বলার পর বড়খাপন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এ কে এম হাদিছুজ্জামানের সহযোগিতায় মুচলেকা নেওয়া হয়েছে। এ ছাড়া মেয়েটি যাতে লেখাপড়া চালিয়ে যেতে পারে, তারও ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কলমাকান্দা বড়খাপন ইউনিয়নের ওই মেয়ে ওই ইউনিয়নের একটি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। বিদ্যালয়ের সনদ অনুযায়ী, তার জন্মতারিখ ২০০৩ সালের ১০ এপ্রিল। আজ বুধবার সকালে তার বিয়ের কথা ছিল। বর ছিলেন একই উপজেলার কৈলাটি ইউনিয়নের কাকুরিয়া গ্রামের মো. ফরিদ মিয়ার ছেলে মো. আনিছুর রহমান (২৫)।
খবর পেয়ে গতকাল মঙ্গলবার রাত নয়টার দিকে জেলা প্রশাসনের বাস্তবায়নে ইউনিসেফের সিফরডি প্রকল্পের ইউনিয়ন সমন্বয়কারী মো. জুয়েল জোয়ারদার মেয়েটির বাড়িতে গিয়ে বিয়ে বন্ধের অনুরোধ জানান। কিন্তু পরিবারের লোকজন এই বিয়ে বন্ধ করতে চাননি। পরে তিনি বিষয়টি ইউপির চেয়ারম্যান এ কে এম হাদিছুজ্জামান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুজ্জামানকে জানান। ইউএনও চেয়ারম্যানকে বিয়েটি বন্ধের নির্দেশ দেন এবং মুঠোফোনে মেয়েটির পরিবারের লোকজনদের বাল্যবিবাহের কুফল সম্পর্কে বুঝিয়ে বিয়েটি বন্ধ করার ব্যবস্থা নেন।