নেত্রকোনায় ঈদ উপলক্ষে পুলিশের টহল জোরদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনায় গতকাল রোববার পুলিশ সুপারের সম্মেলন কক্ষে মিট দ্য প্রেস অনুষ্ঠান হয়। এতে পুলিশ সুপার (এসপি) জয়দেব কুমার ভদ্র জুলাই মাসের জেলার আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি তুলে ধরেন। এসপি জানান, জুন মাসে চারটি হত্যাসহ ১৮৮টি মামলা রুজু হয়েছিল। জুলাই মাসে চারটি হত্যা, ৪৮টি নারী নির্যাতন, ২৭টি মাদক, পাঁচটি চোরাচালান, একটি অস্ত্রসহ ১৬৮টি মামলা রুজু হয়েছে। জুলাই মাসে ১৬৫টি মামলার তদন্ত নিষ্পত্তি করা ছাড়াও নিয়মিত মামলায় ২৫৬ জন, গ্রেপ্তারি পরোয়ানায় ৮০৫ জন, সাজাপ্রাপ্ত পরোয়ানায় ১০৩ জনসহ এক হাজার ২৩৩ জন আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ সুপার আরও বলেন, পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে নানা ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। নারী-পুরুষেরা যাতে স্বচ্ছন্দে গভীর রাত পর্যন্ত বিপণিবিতানগুলোতে ঈদের কেনাকাটা করতে পারে এবং ঘরমুখী মানুষ যাতে নিরাপদে ঘরে ফিরতে পারে, সে জন্য পুলিশের টহল বাড়ানোর পাশাপাশি সাদা পোশাকে পুলিশ মোতায়েন করা হয়েছে। এসপি জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সর্বস্তরের মানুষের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবদুল মোমেন উপস্থিত ছিলেন।