নেত্রকোনায় এক ব্যক্তি ছুরিকাঘাতে খুন
নেত্রকোনার আটপাড়া উপজেলায় মাঠে ধান পাহারা দেওয়ার সময় এক ব্যক্তি খুন হয়েছেন। গত মঙ্গলবার রাতে ওই ব্যক্তিকে ছুরিকাঘাত করে খুন করা হয়। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম উলাস মিয়া (৪৫)। তিনি উপজেলার তেলিগাতী ইউনিয়নের রামসিদ্ধ গ্রামের জয়ন উদ্দিনের ছেলে। আটক দুজন হলেন: একই গ্রামের এলাল উদ্দিনের ছেলে মো. রফিকুল ইসলাম (৩৫) ও কামরুল ইসলাম (৩২)। পুলিশ ও এলাকাবাসী জানান, চলতি আমন মৌসুমে এলাকাবাসী উলাস মিয়াকে ধানের মাঠ দেখাশোনার দায়িত্ব দেন। উলাস মঙ্গলবার রাতে ধানের মাঠ পাহারা দিতে যান। দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে নিজ বাড়ি থেকে কিছুটা দূরে তাঁর চিৎকার শোনা যায়। ঘটনার পর তাঁর স্ত্রী, ছেলে, ভাতিজাসহ পরিবারের সদস্যরা এগিয়ে যান। তাঁরা উলাসকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। উদ্ধার করে দ্রুত নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।পুলিশ আরও জানায়, নিহত উলাসের বুকের বাঁ দিকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ঘটনায় জড়িত থাকায় পুলিশ রফিকুল ও কামরুলকে আটক করেছে। তাঁরা একই গ্রামের এলাল উদ্দিনের ছেলে। এই দুজনের সঙ্গে নিহত উলাসের দুই সপ্তাহ আগে মারামারি হয়েছিল। ওই ঘটনায় উলাস আদালতে মামলাও করেছিলেন।আটপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।