নেত্রকোনায় এক হাজার গ্রাহকের পরিবারে দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রান্সফরমার বিকল হয়ে যাওয়ায় নেত্রকোনা পৌর শহরের কাটলি বঙ্গবন্ধু মোড় এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এতে ওই এলাকার প্রায় এক হাজার গ্রাহক দুর্ভোগ পোহাচ্ছেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত পৌনে ১১টার পর থেকে ওই এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে।

গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বলাইনগুয়া এলাকার বাসিন্দা বিপ্লব চক্রবর্তী বলেন, বিদ্যুৎ না থাকায় মোটর দিয়ে পানি তোলা যাচ্ছে না। এ কারণে গোসল, রান্নাবান্নাসহ বিভিন্ন কাজ করতে সমস্যা হচ্ছে।

নেত্রকোনা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নিয়ন্ত্রণ কেন্দ্রের সুইচ বোর্ড এজেন্ট মো. খায়রুল ইসলাম বলেন, ‘শহরে ছয়টি ফিডারে (লাইন) ৩৫ হাজারের মতো গ্রাহক রয়েছেন। ২ নম্বর লাইনটির কাটলি বঙ্গবন্ধু মোড় এলাকায় ট্রান্সফরমার বৃহস্পতিবার রাতে নষ্ট হয়ে যাওয়ায় ওই এলাকা বিদ্যুৎহীন রয়েছে। ওই যন্ত্রটি অনেক পুরোনো হয়ে গেছে। নতুন করে ট্রান্সফরমার বসিয়ে বিদ্যুৎ-সংযোগ দেওয়া হবে। এ জন্য কয়েক দিন সময় লাগবে। আমাদের স্টোরে কোনো নতুন ট্রান্সফরমার নেই। অন্য স্থান থেকে এনে বসাতে হবে।’