নেত্রকোনায় ঐতিহাসিক নাজিরপুর দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় গতকাল বৃহস্পতিবার জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের উদ্যোগে ঐতিহাসিক নাজিরপুর দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের এই দিনে মহান স্বাধীনতাযুদ্ধে মুক্তিযোদ্ধারা নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নাজিরপুরে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে লিপ্ত হয়েছিলেন। এ উপলক্ষে দিনব্যাপী কর্মসূচিতে বেলা ১১টায় নাজিরপুর স্মৃতিসৌধে ও দুপুর ১২টায় লেংগুরা সাত শহীদের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বেলা দুইটায় লেংগুরা উচ্চবিদ্যালয়ের মাঠে জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার নূরুল আমিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কলমাকান্দা-দুর্গাপুর আসনের সাংসদ মোশতাক আহমেদ রুহী। প্রধান আলোচক ছিলেন জেলা প্রশাসক আনিস মাহমুদ। অনুষ্ঠানে বক্তব্য দেন পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইউসুফ আলী, কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম, উপজেলা ইউনিট কমান্ডের ডেপুটি কমান্ডার আবুল হাসেম, সদর থানা কমান্ডার আইয়ুব আলী, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ওসমান গণি তালুকদার প্রমুখ। ১৯৭১ সালের ২৬ জুলাই সংঘটিত এই সমঞ্চুখযুদ্ধে বৃহত্তর ময়মনসিংহ জেলার সাতজন মুক্তিযোদ্ধা শহীদ হন। তাঁরা হলেন: নেত্রকোনার আবদুল আজিজ, মো. ফজলুল হক, জামালপুরের জামাল উদ্দিন, ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার মো. নুরুজ্জামান, দ্বীজেন্দ্র চন্দ্র বিশ্বাস, ইয়ার মাহমুদ ও ভবতোষ চন্দ্র দাস। এসব মহান বীর শহীদকে কলমাকান্দা উপজেলার লেংগুরা এলাকার ১১৭২ নম্বর ভারতীয় সীমান্ত পিলারের কাছে সমাহিত করা হয়।