নেত্রকোনায় ওএমএস বন্ধ
নেত্রকোনায় ওএমএসের চাল বিক্রি ১ জুলাই থেকে স্থগিত করা হয়েছে। বিশেষ করে বন্যায় ক্ষতিগ্রস্ত দরিদ্র পরিবারগুলো বিপাকে পড়েছে। বাজারে চালের দাম চড়া হওয়ায় তারা খাদ্যসংকটে পড়বে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসনও।
স্থানীয় বাসিন্দা ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে,ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট অকালবন্যায় নেত্রকোনার ১০টি উপজেলার ৬৯টি ইউনিয়নের অন্তত ১ লাখ ৬৭ হাজার কৃষক পরিবার ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে খালিয়াজুরী উপজেলার ছোটবড় ৮৯টি হাওরের শতভাগ বোরো ফসলই নষ্ট হয়ে যায়। ফলে প্রতিটি পরিবার খাদ্যসংকটে পড়ে। এ অবস্থায় সরকারিভাবে ১০টি উপজেলার ৫০ হাজার পরিবারকে ভালনারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) কর্মসূচির আওতায় আনা হয়। অন্যদের জন্য ৬৯টি ইউনিয়নে ৭২ জন ডিলারের মাধ্যমে গত ১৭ এপ্রিল থেকে খোলাবাজারে চাল বিক্রির (ওএমএস) কর্মসূচি চালু করে খাদ্য বিভাগ। এর আওতায় ভিজিএফ-সুবিধাবঞ্চিত ব্যক্তিরা বাজারমূল্যের চেয়ে অনেক কম দামে দৈনিক পাঁচ কেজি করে চাল কেনার সুযোগ পাচ্ছিল। প্রতিটি ইউনিয়নের ২০০ পরিবার এ সুবিধা পেত। কিন্তু কোনোরকম পূর্ব ঘোষণা ছাড়াই খাদ্য বিভাগ ১ জুলাই থেকে ওএমএসের কার্যক্রম বন্ধ করে দেয়।
খালিয়াজুরী সদরের বল্লভপুর গ্রামের বাসিন্দা হেলাল মিয়া বলেন, তাঁর মতো নিম্ন আয়ের মানুষের পক্ষে বাইরের দোকান থেকে বেশি দাম দিয়ে চাল কিনে সংসার চালানো সম্ভব নয়। সরকার ওএমএসের চাল বিক্রি পুনরায় চালু না করলে তাঁদের মাঠে মারা যেতে হবে।
বাজারে এখন মোটা চালের সর্বনিম্ন দাম ৪৬ টাকা কেজি। অথচ দরিদ্র মানুষগুলো ওএমএসের আওতায় ডিলারের কাছ থেকে মাত্র ১৫ টাকা কেজি দরে চাল কিনতে পারছিলেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনসুরুল আলম বলেন, ওএমএসের কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্তটি খাদ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের। এ ক্ষেত্রে তাঁদের করার কিছু নেই।
খালিয়াজুরীর ইউএনও মোহাম্মদ তোফায়েল আহমেদ বলেন, ওএমএসের কার্যক্রম স্থগিত করায় অনেক পরিবারে খাদ্যসংকট দেখা দিতে পারে। বিষয়টি তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করেছেন।