নেত্রকোনায় হঠাৎ করে খোলাবাজারে চাল বিক্রির (ওএমএস) কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার থেকে সাধারণ মানুষ আর কম দামে চাল কেনার সুযোগ পাচ্ছেন না। দেড় মাস আগে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে হাওরাঞ্চলের ফসলডুবির পর সেখানে এই কার্যক্রম চালু করা হয়েছিল।
স্থানীয় বাসিন্দা, ডিলার, উপজেলা খাদ্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, অকাল বন্যায় এ জেলার খালিয়াজুরি, মদন, মোহনগঞ্জ ও কলমাকান্দাসহ ১০ উপজেলার ৬৯টি ইউনিয়নের বোরো ফসল ক্ষতিগ্রস্ত হয়। এতে নিঃস্ব হয়ে যায় অন্তত ১ লাখ ৬৭ হাজার কৃষক পরিবার। বিশেষ করে খালিয়াজুরি উপজেলার ছোট-বড় ৮৯টি হাওরের শতভাগ বোরো ফসল নষ্ট হয়ে গেছে। এসব পরিবারে খাদ্যসংকট দেখা দিয়েছে। এ অবস্থায় সরকারিভাবে ১০ উপজেলার ৫০ হাজার পরিবারকে ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) কর্মসূচির আওতায় নেওয়া হয়। এসব পরিবারকে মাসে ৩০ কেজি করে চাল এবং নগদ ৫০০ টাকা করে দেওয়া হচ্ছে। এ ছাড়া গত ১৭ এপ্রিল থেকে ৬৯টি ইউনিয়নে ৭২ জন ডিলারের মাধ্যমে খোলাবাজারে চাল বিক্রির (ওএমএস) কর্মসূচি চালু করে খাদ্য বিভাগ। এই কর্মসূচির আওতায় একজন ডিলারকে প্রতিদিন এক মেট্রিক টন করে চাল বরাদ্দ দেওয়া হয়। ভিজিএফ সুবিধাবঞ্চিত পরিবারগুলো ১৫ টাকা কেজি দরে দৈনিক ৫ কেজি করে চাল কেনার সুযোগ পেত। একটি ইউনিয়নের ২০০ পরিবার প্রতিদিন ওএমএসের মাধ্যমে চাল কিনতে পারত। যদিও চাহিদা ছিল আরও বেশি। কিন্তু পূর্বঘোষণা ছাড়াই খাদ্য বিভাগ আজ বৃহস্পতিবার থেকে খোলাবাজারে চাল বিক্রির কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে।
খালিয়াজুরি সদর ইউনিয়নের ডিলার আরিফুল ইসলাম বলেন, ‘হঠাৎ করে আজ (গতকাল) উপজেলা খাদ্য কার্যালয় থেকে ওএমএসের বরাদ্দ স্থগিত করা হয়েছে। এর কারণ সম্পর্কে আমাদের কিছু জানানো হয়নি।’
খালিয়াজুরি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনসুরুল আলম বলেন, ‘খাদ্য বিভাগের সরবরাহ বণ্টন ও বিপণন বিভাগের উপপরিচালক এম এ সাঈদ স্বাক্ষরিত এক চিঠিতে ১ জুন থেকে ওএমএসের চাল বিক্রি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার চিঠিটি পেয়েছি।’
খালিয়াজুরি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ তোফায়েল আহমেদ বলেন, ওএমএসের কার্যক্রম স্থগিত করায় ক্ষতিগ্রস্ত অনেক পরিবারে খাদ্যসংকট দেখা দিতে পারে। কারণ খুচরা বাজারে চালের দাম অনেক বেশি। বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হয়েছে।
জেলা প্রশাসক মো. মুশফিকুর রহমান বলেন, ‘ওএমএস স্থগিতের বিষয়ে চিঠিটি আজ (গতকাল) সন্ধ্যার পর পেয়েছি। তবে এই কার্যক্রম চালু রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
জেলা খাদ্য নিয়ন্ত্রক সোহরাব হোসেন বলেন, ‘খাদ্য বিভাগের নির্দেশে ওএমএস কার্যক্রম স্থগিত করা হয়েছে। কাল (আজ) চাল বিক্রি হবে না। তবে জেলা প্রশাসনের নির্দেশে ও স্থানীয় চাহিদার বিষয়টি আমরা লিখিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’