নেত্রকোনায় কালবৈশাখী ২০০ ঘরবাড়ি বিধ্বস্ত
নেত্রকোনার সদর ও পূর্বধলা উপজেলার কয়েকটি ইউনিয়নের ওপর দিয়ে গত মঙ্গলবার রাত নয়টা থেকে সাড়ে নয়টা পর্যন্ত প্রলয়ঙ্করী কালবৈশাখী বয়ে গেছে। এতে চারটি শিক্ষাপ্রতিষ্ঠানসহ অন্তত ২০০ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। শত শত গাছপালা উপড়ে গেছে।সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আবুল কালাম প্রথম আলোকে জানান, কালবৈশাখীর আঘাতে তাঁর ইউনিয়নের গোপননগর গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয় পড়ে গেছে। এ ছাড়া দুগিয়া, বিয়ারালি, সিনচাপুর, খলসহাটি, মহিষহাটিসহ পার্শ্ববর্তী মাওহা ইউনিয়নের দু-তিনটি গ্রামের ৩০-৩৫টি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। বহু গাছপালা ভেঙে মাটিতে পড়ে গেছে। পূর্বধলা উপজেলার আলমপুর, লালচাপুর, মহিমা, মাথাং, খামারহাটি, দিননগর, বিলকাউসি, যোগীর গুহাসহ বেশ কয়েকটি গ্রামের কাঁচা, আধাপাকা ঘরবাড়ি ও বাইন্জা উচ্চবিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া মাথাং ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার একটি ঘর পুরো ও আরও দুটি ঘরের চাল, দেয়াল ধসে পড়েছে এবং দিননগর গ্রামের একটি কিন্ডারগার্টেন পুরো ও বাইন্জা বাজার মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ে শত শত গাছ ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ে যায়। গতকাল বিকেল পর্যন্ত এসব এলাকায় বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন ছিল। জেলা প্রশাসক আনিস মাহমুদ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। তিনি বলেন, ‘আমি স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান ও সদস্যদের বলেছি দ্রুত ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা দিতে। তালিকা পেলে ত্রাণ দেওয়া শুরু হবে।’ পূর্বধলায়ই অন্তত দেড় শ ঘরবাড়ি বিধ্বস্ত এবং শত শত গাছপালা ভেঙে পড়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।