নেত্রকোনায় কালবৈশাখীতে তিনজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় গত শনিবার রাতে কালবৈশাখী ঝড়ের সময় ঘর চাপা পড়ে রিয়াজ মোল্লা (৩২) ও আজিজুল হক (৪০) নামের দুজন নিহত হয়েছেন। তাঁদের বাড়ি খুলনার পাইকগাছা উপজেলার পাশাখালী গ্রামে। ঝড়ের সময় বজ্রপাতে খালিয়াজুরী উপজেলায় মকবুল আলী (২৫) নামের এক যুবক মারা গেছেন। তাঁর বাড়ি উপজেলার গাজীপুর ইউনিয়নের পাচাট গ্রামে। এ ছাড়া ঝড়ে আহত হয়েছে কমপক্ষে ৫০ জন। ঝড়ে মোহনগঞ্জ, খালিয়াজুরী ও বারহাট্টা উপজেলার দেড় হাজারের বেশি কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী আবেদ হোসেন জানান, ঝড়ে উপজেলার সুয়াইর ইউনিয়নের নলজুরী গ্রামে ঘর চাপা পড়ে দুই ব্যক্তি মারা গেছেন। হাওরে ধান কাটতে তাঁরা মোহনগঞ্জে এসেছিলেন। গতকালই তাঁদের মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। এ ছাড়া ঝড়ে উপজেলার কমপক্ষে তিন শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়। খালিয়াজুরীর কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল হালিম জানান, ঝড়ে উপজেলার শ্যামপুর, বল্লী, কৃষ্ণপুর, আসদপুর, খলাপাড়া, কল্যাণপুর, বানুয়াইলসহ কয়েকটি গ্রামের এক হাজারের বেশি কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। বজ্রপাতে ধৈলং হাওরে এক যুবকের মৃত্যু হয়েছে। অসংখ্য গাছপালা উপড়ে গেছে।বারহাট্টা উপজেলার সিংধা ইউপির সদস্য আবুল কাসেম জানান, ঝড়ে উপজেলার বুড়াখালী মাদ্রাসার চাল উড়ে গেছে।