নেত্রকোনায় কৃষক হত্যা মামলায় ছয়জনের যাবজ্জীবন
নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার তেলিপাড়া গ্রামের কৃষক খোকন মিয়া (৩২) হত্যার দায়ে ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
আজ সোমবার দুপুরে নেত্রকোনার অতিরিক্ত দায়রা জজ মো. আবদুল হামিদ আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন তেলিপাড়া গ্রামের মৃত রজব আলি ওরফে হাছু মিয়ার ছেলে আ. ছাত্তার (৩৬) ও লাল মিয়া (৩৮), একই গ্রামের সাহেব আলীর ছেলে মো. বাবুল মিয়া (২৬), সুরুজ মিয়া (২৪) ও হাবিবুর রহমান (১৯) এবং মৃত হাদিছ মিয়ার ছেলে সাইফুল ইসলাম (২৮)। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর তিন আসামি সাহেব আলী (৮০), নূরেছা খাতুন (৪৬) ও মনোয়ারা খাতুনকে (২৭) বেকসুর খালাস দেওয়া হয়।
আদালত সূত্রে রায়ের বিবরণে জানা যায়, তেলিপাড়া গ্রামের ছাত্তার মিয়ার ছেলে খোকন মিয়ার সঙ্গে একই গ্রামের হাছু মিয়ার ছেলে লাল মিয়ার জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এরই জের ধরে ২০০৭ সালের ৭ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে খোকন মিয়া যখন নিজ দখলীয় জমিতে পাওয়ার টিলার দিয়ে জমি চাষাবাদ করছিলেন তখন উল্লিখিত আসামিরা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে মারাত্মক জখম করেন। আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণের মধ্যে তিনি মারা যান।
নিহত ব্যক্তির চাচা আবদুল জলিল ঘটনার পর দিন ৮ আগস্ট বাদী হয়ে নয়জনকে আসামি করে দুর্গাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ২০০৮ সালের ৩ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করে।