নেত্রকোনায় কৃষি ব্যাংকের আরও এক কর্মকর্তা সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষি ব্যাংকের নেত্রকোনার মদন শাখার পরিদর্শক আবুল কাশেমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর আগে ব্যাংকের ব্যবস্থাপক অরুণ কুমার ভট্টাচার্য ও দ্বিতীয় কর্মকর্তা হাবিবুর রহমান বাঙ্গালীকেও সাময়িক বরখাস্ত করা হয়।জানা গেছে, ভুয়া কাগজপত্রের মাধ্যমে কৃষিঋণের বিপুল পরিমাণ অর্থ লুটপাট ও এ-সংক্রান্ত দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগে আবুল কাশেমকে গত বৃহস্পতিবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সাময়িক বরখাস্ত করা হয়। এর আগে একই অভিযোগে তাঁকে প্রথমে জেলার কলমাকান্দায় ও পরে জামালপুর মুখ্য আঞ্চলিক কার্যালয়ে বদলি করা হয়। সর্বশেষ সেখানে কর্মরত ছিলেন তিনি।এদিকে কৃষিঋণের অর্থ লুটপাট ও দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগে ব্যাংকের সাবেক ক্যাশিয়ার এম এ কাদেরের বিরুদ্ধেও বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে নিশ্চিত হওয়া গেছে। এর আগে ওই ক্যাশিয়ারকে পার্শ্ববর্তী আটপাড়া উপজেলার দুয়ুজ শাখায় শাস্তিমূলক বদলি করা হয়। তিনি সেখানে কর্মরত।ঘটনার সত্যতা নিশ্চিত করে কৃষি ব্যাংকের নেত্রকোনা আঞ্চলের ব্যবস্থাপক (আরএম) রবিউল আলম প্রথম আলোকে বলেন, গত বৃহস্পতিবার ব্যাংকের ময়মনসিংহ বিভাগীয় মহাব্যবস্থাপক (জিএম) লুৎফুর রহমানের নির্দেশে আবুল কাশেমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।