নেত্রকোনায় গুলিবিদ্ধ হয়ে সাবেক সাংসদ জালালের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সাবেক সাংসদ ও দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দিন তালুকদার (৬৫) গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। গতকাল মঙ্গলবার সকালে দুর্গাপুর উপজেলা সদরের নিজ বাসায় তাঁর মাথায় গুলি লাগে।এ ব্যাপারে জালাল উদ্দিনের প্রথম ঘরের ছেলে কুতুব উদ্দিন তালুকদার সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, ‘সৎ মা আয়েশা বেগম ও সৎ ভাই মাসুদ স্থানীয় এক প্রভাবশালী নেতার কথায় আমার বাবাকে পরিকল্পিতভাবে গুলি করে হত্যা করেছে। আমি এ ব্যাপারে মামলা করব।’অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘জালাল উদ্দিনের বৈধ পিস্তল জব্দ করা হয়েছে। তাঁর কক্ষ থেকে একটি গুলির খোসা ও রক্তাক্ত বালিশ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি হত্যা না আত্মহত্যা—এ ব্যাপারে আমরা এখনই নির্দিষ্ট করে বলতে পারছি না। তদন্ত করা হচ্ছে।’দুর্গাপুরের কয়েকজন বাসিন্দার ভাষ্যমতে, সাবেক সাংসদ জালালের সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে তাঁর প্রথম স্ত্রীর ছেলে কুতুব ও দ্বিতীয় স্ত্রী আয়েশার বিরোধ চলছে। এ জন্য জীবনের নিরাপত্তা চেয়ে দুর্গাপুর থানায় কয়েকবার সাধারণ ডায়েরিও করেন জালাল উদ্দিন। দুর্গাপুর পৌরসভা এলাকার বাসায় স্ত্রী আয়েশা ও দুই গৃহকর্মীকে নিয়ে থাকতেন জালাল উদ্দিন। ছেলে কুতুব থাকেন গাজীপুরে। আয়েশার বরাত দিয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসাইন প্রথম আলোকে বলেন, সকাল সাড়ে ছয়টার দিকে বাথরুমে ছিলেন আয়েশা বেগম। অন্য কক্ষে ছিলেন দুই গৃহকর্মী। তখন গুলির শব্দ পেয়ে জালালের কক্ষে গিয়ে দেখেন, তাঁর মাথা থেকে প্রচুর রক্ত বের হচ্ছে। ঘটনার পরপরই জালালকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আনোয়ারুল আমীন বলেন, জালাল উদ্দিনের মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। অবস্থা আশঙ্কাজনক দেখে তাঁকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা জালাল উদ্দিনকে মৃত ঘোষণা করেন। পরে ওই হাসপাতালের মর্গে তাঁর ময়নাতদন্ত সম্পন্ন হয়।ওসি আলমগীর বলেন, ‘জালাল উদ্দিন তালুকদারের মাথায় গুলির আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত করার সময় চিকিৎসকেরা তাঁর মাথা থেকে একটি গুলি বের করেছেন বলে জানতে পেরেছি।জালাল উদ্দিন ১৯৭৯ সালে আওয়ামী লীগের প্রার্থী হয়ে নেত্রকোনা-১ আসন থেকে প্রথম সাংসদ নির্বাচিত হন। পরে ১৯৮৬ ও ১৯৯৬ সালে একই আসনে সাংসদ নির্বাচিত হন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। শোক: জালাল উদ্দিন তালুকদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোকবাণীতে প্রধানমন্ত্রী বলেন, জালাল উদ্দিন তালুকদারের মৃত্যুতে দেশ এক মুক্তিযোদ্ধাকে হারিয়েছে। আর আওয়ামী লীগ হারিয়েছে দীর্ঘদিনের পরীক্ষিত ও দক্ষ সংগঠককে। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রেস) মাহবুবুল আলম শাকিল এই তথ্য জানিয়েছেন।