নেত্রকোনায় গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার
নেত্রকোনা সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ ইউনিয়নের চকপাড়া গ্রামের অন্তঃসত্ত্বা গৃহবধূ হাসনা বানুকে (১৯) নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও তাঁর পরিবারের লোকজনের বিরুদ্ধে। গত শনিবার রাতে মডেল থানা পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ গৃহবধূর স্বামী জামরুল মিয়াকে গ্রেপ্তার করেছে। এলাকাবাসী ও পুলিশ সূত্রের বিবরণ অনুযায়ী, জেলার আটপাড়া উপজেলার হাসনা বানুর সঙ্গে এক বছর আগে সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ ইউনিয়নের চকপাড়া গ্রামের জামরুল মিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী ও তাঁর বাড়ির লোকজন হাসনা বানুর ওপর বিভিন্ন রকম চাপ সৃষ্টি করছিল। প্রায়ই তাঁকে মারধর করা হতো। শনিবার রাতে হাসনা বানুকে বেধড়ক মারধর করে হত্যা করা হয়। বাড়ির লোকজন হাসনার লাশ ঘরের আড়ায় ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার করে। খবর পেয়ে মডেল থানা পুলিশ রাতেই গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ জানায়, হাসনা বানুর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। হাসনার মা শাহীনা আক্তার গতকাল রোববার থানায় জামরুল মিয়াসহ তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা করেছেন।