নেত্রকোনায় চার সড়কের ঝুঁকিপূর্ণ ২২ বেইলি সেতু
প্রয়োজনীয় মেরামত ও যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে নেত্রকোনার চারটি সড়কের ২২টি বেইলি সেতু ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। কোনোমতে জোড়াতালি দিয়ে কাজ চালানো হলেও প্রায়ই দুর্ঘটনা ঘটছে। জনসাধারণ ও মোটরযান শ্রমিকেরা এ জন্য সড়ক ও জনপথ (সওজ) বিভাগের দায়সারা কাজকে দায়ী করেছেন।জেলা সওজ কার্যালয় সূত্র জানায়, শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কে আটটি, নেত্রকোনা-মদন সড়কে দুটি, নেত্রকোনা-কলমাকান্দা সড়কে ১১টি ও অভয়পাশা-আটপাড়া সড়কে একটি বেইলি সেতু রয়েছে। প্রায় সবগুলো সড়ক দিয়েই অতিরিক্ত মালবোঝাই যান চলাচল করায় সেতুগুলো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এর মধ্যে শ্যামগঞ্জ-বিরিশিরি ও নেত্রকোনা-কলমাকান্দা সড়ক ও সড়ক দুটিতে অবস্থিত সেতুগুলো বেশি নাজুক। সড়ক দুটি দিয়ে বিজয়পুরের সাদা মাটি, সোমেশ্বরী নদী থেকে তোলা বালু এবং কয়লা বহনকারী ট্রাকসহ বিভিন্ন যানবাহন চলাচল করে।সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, নেত্রকোনা-কলমাকান্দা সড়কের সবগুলো সেতুই জোড়াতালি দেওয়া। এগুলোর ওপর দিয়ে প্রতিদিন বাড়তি ওজন নিয়ে ট্রাক, লরি ও ট্রলিতে করে মালামাল পরিবহন করা হচ্ছে। এ সড়কের বাসচালক মো. ফরিদ বলেন, ‘প্রায় সেতুতেই ঝুঁকিপূর্ণ লেখা সাইন বোর্ড টাঙ্গানো নাই। তাগো (সড়ক বিভাগ) এ নিয়া মাথাব্যথাও নাই। ওভারলোড গাড়ি অনায়াসে চলতাছে। রাস্তা দুই দিন বাদে বাদে ঠিক করে। আবার যেই সেই।’শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের পূর্বধলা অংশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ সেতুগুলোর মধ্যে রয়েছে ককুয়াখালী, রাজাবাজার, বামনখালী, বালুঘাটা, জারিয়া এবং দুর্গাপুরের ছোট শুকনাকুড়ি, শান্তিপুর ও দয়ালবাড়ি সেতু। নেত্রকোনার পূর্বধলা ও দুর্গাপুর উপজেলায় প্রবেশের প্রধান রাস্তা এই শ্যামগঞ্জ-বিরিশিরি সড়ক। এ সড়ক দিয়ে ওই দুই উপজেলা ছাড়াও কলমাকান্দা ও ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কয়েক লাখ মানুষ যাতায়াত করে। বিজয়পুরের চিনামাটি, সোমেশ্বরীর বালু ও কয়লা এ সড়ক দিয়ে সারা দেশে পাঠানো হয়। এ ছাড়া দুর্গাপুর প্রাকৃতিক শোভামণ্ডিত পর্যটন এলাকা। ফলে প্রতিদিন এ সড়কে অসংখ্য যানবাহন চলাচল করে।সরেজমিনে দেখা যায়, অধিকাংশ সেতুর সামনে জনসাধারণ ও যানবাহনের চালকদের সতর্ক করে সাইনবোর্ড টানিয়ে দিয়েছে সওজ। পূর্বধলার রাজাবাজার এলাকার ধলাই নদীর ওপর বেইলি সেতুটির পাটাতনে বিভিন্ন স্থানে ফুটো। যানবাহন উঠলে ঝনঝন শব্দ হয়। কংস নদের ওপর জারিয়া বেইলি সেতুটি অপ্রশস্ত হওয়ায় গত ১২ বছরে যানবাহনের চাকায় পিষ্ট হয়ে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। বেইলি সেতুটির স্থলে পাকা সেতু নির্মাণের দাবিতে গত ১৪ জানুয়ারি এলাকাবাসী রাস্তাটি অবরোধ করে।ট্রাকচালক আরিফুল ইসলাম বলেন, ‘সেতুগুলো পার হওয়ার সময় আল্লাহ আল্লাহ করি। একেকটি সেতু পার হই আর মনে হয় একটা মরনফাঁদ থেকে বের হলাম।’পূর্বধলার জারিয়া নাগরিক কমিটির সমন্বয়কারী আনিসুর রহমান খান বলেন, এখানকার প্রতিটি সেতুই ঝুঁকিপূর্ণ। মনে হয় ঝুঁকিপূর্ণ সেতু লেখা নোটিশ টানিয়ে আর ঝালাই করেই যুগ যুগ চালিয়ে দেবে কর্তৃপক্ষ।শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের তদারক কর্মকর্তা নেত্রকোনা সওজের বিভাগীয় উপসহকারী প্রকৌশলী সাঈদ উদ্দিন বলেন, চারটি সেতু নির্মাণের জন্য দরপত্র হয়েছিল। পরে তা বাতিল করা হয়। এগুলোর জন্য নতুন করে প্রাক্কলন অনুমোদন হয়েছে। বাকিগুলোর বিষয়েও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন জানান, অতিরিক্ত মালবাহী ট্রাকগুলোকে প্রায়ই জরিমানা করা হয়। কিন্তু তেমন কাজ হয় না। এ নিয়ে লোকজনেরও সচেতন হওয়া প্রয়োজন।নেত্রকোনা সওজের বিভাগীয় নির্বাহী প্রকৌশলী মাসুদ খান জানান, এগুলোকে কংক্রিটের সেতুতে পরিণত করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনুরোধ করা হবে।