নেত্রকোনার আটপাড়া উপজেলার মল্লিকপুর শুনই গ্রামে বাবা ও ছেলে হত্যা মামলার রায়ে ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড, প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আবদুল হামিদ গতকাল বুধবার দুপুরে এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, একই গ্রামের আলাল উদ্দিন ভূঁইয়া, আবু তাহের (পলাতক), সুলতান উদ্দিন, আবদুল বারেক, আলাল (পলাতক), আবদুল হেকিম। পলাতক ব্যক্তিরা ছাড়া সবাইকে জেলে পাঠানো হয়েছে। মামলার বিবরণে জানা গেছে, আটপাড়া উপজেলার মল্লিকপুর শুনই গ্রামের আবদুল মজিদের সঙ্গে একই গ্রামের আবদুর রশিদের শত্রুতা ছিল। এরই জের ধরে ২০০০ সালের ৮ ফেব্রুয়ারি আবদুল মজিদ, ছেলে আনোয়ার হোসেন, আরেক ছেলে গোলজার হোসেন ফসলি মাঠে কাজ করার সময় আবদুর রশিদের নেতৃত্বে ১৫-২০ জন লাঠিসোঁটা, রামদা নিয়ে তাঁদের ওপর হামলা চালান এবং বেধড়ক মারধর করেন। আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ওই দিন রাতে আবদুল মজিদ ও ছেলে জামাল উদ্দিন মারা যান। পরদিন আবদুল মজিদের বড় ছেলে আনোয়ার হোসেন বাদী হয়ে আবদুর রশিদ, আলাল উদ্দিন ভূঁইয়া, আবু তাহের, সুলতান উদ্দিন, আবদুল বারেক, আলাল, আবদুল হেকিমসহ ১৪ জনকে আসামি করে আটপাড়া থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ সাতজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে। এর আগেই আবদুর রশিদ মারা যান বলে তাঁকে মামলার দায় থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।