নেত্রকোনায় টিলা কেটে সাদা মাটি উত্তোলন বেআইনি
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার তিনটি মৌজায় পরিবেশগত ছাড়পত্র ও পরিবেশগত সমীক্ষা ছাড়া পাহাড় ও টিলা কেটে সাদা মাটি উত্তোলন বেআইনি ঘোষণা করে রায় দিয়েছেন উচ্চ আদালত।
বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বুধবার এক রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে এ রায় দেন।
দুর্গাপুরের মেজপাড়া, আরাপাড়া ও পাচকাহানিয়া—এই তিন মৌজায় পরিবেশগত ছাড়পত্র ছাড়া পাহাড়-টিলা কেটে সাদা মাটি উত্তোলনের বৈধতা নিয়ে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) রিটটি করেছিল। প্রাথমিক শুনানি নিয়ে গত বছরের ১৪ মার্চ হাইকোর্ট রুলসহ অন্তর্বর্তীকালীন আদেশ দেন। রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে গতকাল তা যথাযথ ঘোষণা করে রায় দেওয়া হয়।
আদালতে বেলার পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান ও আইনজীবী মিনহাজুল হক চৌধুরী। পরে মিনহাজুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, প্রশাসনের সহযোগিতায় কোনো ধরনের ইজারা চুক্তি বা লাইসেন্স ছাড়া সিরামিক কোম্পানিগুলো এভাবে পাহাড় ও টিলা কেটে সাদা মাটি উত্তোলন করে আসছিল। বিদ্যমান আইন অনুসারে কোনো কোম্পানি পাহাড় ও টিলা কেটে কোনো খনিজ সম্পদ আহরণ করতে পারে না। রুল দেওয়ার সময় হাইকোর্ট সিরামিক কোম্পানির এভাবে পাহাড় ও টিলা কেটে সাদা মাটি উত্তোলনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিলেন। রুল নিষ্পত্তি করে রায় দেওয়ায় ওই তিন মৌজায় বেআইনিভাবে পাহাড় ও টিলা কেটে এভাবে সাদা মাটি উত্তোলনে নিষেধাজ্ঞা বহাল থাকল।
মামলা সূত্রে জানা যায়, রুলে ওই তিন মৌজায় অবস্থিত পাহাড়-টিলা কেটে এবং পরিবেশগত ছাড়পত্র ও পরিবেশগত ব্যবস্থাপনা পরিকল্পনা ছাড়া সাদা মাটি উত্তোলন কেন আইনবহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়। সেই সঙ্গে ওই মৌজাগুলো থেকে সাদা মাটি উত্তোলনে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দেওয়া হয়।