নেত্রকোনায় ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ : মাসুক হেলাল
অলংকরণ : মাসুক হেলাল

নেত্রকোনা সদরের ঠাকুরাকোনা ইউনিয়নের দুর্গাশ্রম গ্রামে মামার বিয়েতে এসে ট্রেনে কাটা পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে একই গ্রামে নেত্রকোনা-মোহনগঞ্জ রেল সড়কের মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনে এ দুর্ঘটনা ঘটে।

মৃত ওই শিশুর নাম আফজাল হোসেন আতাউর (১২)। সে কলমাকান্দা উপজেলার ডুবিয়ারকোনা এলাকার মো. ইঞ্জিল মিয়ার ছেলে।

নেত্রকোনা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, কিশোর আতাউর ঠাকুরাকোনার দুর্গাশ্রম গ্রামে তার মামা সাইদুরের বিয়ের অনুষ্ঠানে এসেছিল। বিকেলে বিয়ে বাড়ি থেকে ট্রেনের হুইসেল শুনে সে রেললাইনের কাছে আসে। দৌড়াদৌড়ি করে রেলসড়ক পার হতে গেলে মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় মোহনগঞ্জ জিআরপি পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা এসে লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠাবে বলেও জানান তিনি।