নেত্রকোনায় দুই ভাষা সৈনিককে সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে নেত্রকোনার পূর্বধলা উপজেলায় গতকাল বৃহস্পতিবার দুজন ভাষাসৈনিককে সংবর্ধনা দেওয়া হয়েছে। যোগীরগুহা গ্রামের সচেতন নাগরিক সমাজ এ অনুষ্ঠানের আয়োজন করে।
সংবর্ধনা পাওয়া দুজন হলেন ঢাকা মেডিকেল কলেজের তৃতীয় ব্যাচের ছাত্র চিকিৎসক এম এ হামিদ খান (৮৬) ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ময়মনসিংহ জেলা শাখার সাবেক সভাপতি শিক্ষাবিদ আবদুল আজিজ তালুকদার (৮৫)।
যোগীরগুহা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গতকাল বিকেল সাড়ে চারটার দিকে ওই অনুষ্ঠান করা হয়। এতে দুই ভাষাসৈনিকের জীবনী পাঠ করেন আজাহারুল ইসলাম ও ওমর ফারুক। পরে তাঁদের পুষ্পমাল্য ও একটি করে সম্মাননা স্মারক দেওয়া হয়। আয়োজক সংগঠনের সম্পাদক মোহাম্মদ খায়রুল হক অনুষ্ঠান পরিচালনা করেন। নাগরিক সমাজের সভাপতি চান মিয়া ফকির এতে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে আলোচনা করেন বিশিষ্ট প্রাবন্ধিক ও শিক্ষাবিদ অধ্যাপক মতীন্দ্র সরকার, নেত্রকোনা সিপিবির সভাপতি অধ্যাপক মোস্তফা কামাল, সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য মনিরা বেগম, বাইনজা উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবদুল হাদি, বৈরাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে সন্ধ্যায় জেলা উদীচীর শিল্পীরা জাগরণের গান পরিবেশন করেন।
আয়োজক সংগঠনের সম্পাদক খায়রুল হক বলেন, ‘ভাষাসৈনিকদের জন্যই আমরা মায়ের ভাষা বাংলায় কথা বলছি। তাঁরা আমাদের ঋণী করেছেন। নতুন প্রজন্মের সামনে তাঁদের তুলে ধরতেই এ উদ্যোগ।’