নেত্রকোনায় দুই শিক্ষক লাঞ্ছিত, মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার আটপাড়া উপজেলার একটি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ দুই শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এ ঘটনার নিন্দা জানিয়ে ও জড়িতদের শাস্তির দাবি করে গতকাল শনিবার উপজেলার তেলিগাতী বাজারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ১৫ অক্টোবর বিএনএইচকে একাডেমিতে জেএসসির নির্বাচনী পরীক্ষা চলাকালে এক ছাত্র অতিরিক্ত কাগজ নেয়। পরে সে পরীক্ষার কেন্দ্রের বাইরে নিয়ে গিয়ে তা ছিঁড়ে ফেলে। এ ঘটনার জের ধরে ওই ছাত্রের বাবা বাবুল মিয়া ও চাচা হাবুল মিয়ার সঙ্গে বিদ্যালয়ের শরীরচর্চা বিষয়ের শিক্ষক বদিউল আলমের বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। এ ঘটনায় বাবুল ও হাবুলের বিরুদ্ধে বৃহস্পতিবার আটপাড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে ওই দিন বিকেলে তাঁরা প্রধান শিক্ষক মো. বদরউদ্দিনকেও লাঞ্ছিত করেন। এর প্রতিবাদে গতকাল দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত তেলিগাতী বাজারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, এলাকার সুধীজনসহ সাত শতাধিক লোক অংশ নেন। এ সময় বক্তব্য দেন উপজেলার বাউসা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমদাদুল হক, নাজিরগঞ্জ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, বিএনএইচকে একাডেমির সহকারী শিক্ষক আবদুর রাশিদ প্রমুখ। আজ রোববার নেত্রকোনা কেন্দ্রীয় শহীদ মিনারের কাছে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে মাধ্যমিক শিক্ষক সমিতি। আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেমুজ্জামান জানান, এ ঘটনায় বাবুল ও হাবুলের বিরুদ্ধে মামলা হয়েছে। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।