নেত্রকোনায় দুটি প্রতিষ্ঠান চালান একজন, পাস নেই
নেত্রকোনার মদন উপজেলায় এসএসসি পরীক্ষায় দুটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কেউ উত্তীর্ণ হয়নি। এ প্রতিষ্ঠান দুটি চালান একই ব্যক্তি। তিনি ছাড়া প্রতিষ্ঠান দুটিতে আর কোনো শিক্ষক নেই।
প্রতিষ্ঠান দুটি হলো মদন আদর্শ কারিগরি ও বাণিজ্য কলেজ এবং ধোবাওয়ালা কারিগরি বিদ্যালয়। এ বছরই প্রথমবার প্রতিষ্ঠান দুটি থেকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, মদন আদর্শ কারিগরি ও বাণিজ্য কলেজটি উপজেলা সদরে এবং ধোবাওয়ালা কারিগরি বিদ্যালয়টি তিয়শ্রী ইউনিয়নে অবস্থিত। রফিকুল ইসলাম গাজী নামের এক ব্যক্তি ২০১৪ সালে কারিগরি শিক্ষা বোর্ড থেকে প্রতিষ্ঠান দুটির অনুমতি আনেন। তিনি কলেজটির অধ্যক্ষ। অপরটির পরিচালনা পর্ষদের সভাপতি। তিনি প্রতিটি প্রতিষ্ঠানে চারজন করে শিক্ষক দেখিয়েছেন। তবে বাস্তবে কোনোটিতেই শিক্ষক নেই। এবার এসএসসি ও সমমান পরীক্ষায় মদন আদর্শ কারিগরি ও বাণিজ্য কলেজ থেকে ৪০ জন এবং ধোবাওয়ালা কারিগরি বিদ্যালয় থেকে ৩৮ জন পরীক্ষায় অংশ নেয়। গতকাল বৃহস্পতিবার প্রকাশিত ফলাফলে প্রতিষ্ঠান দুটির কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি।
জানতে চাইলে রফিকুল ইসলাম গাজী বলেন, ‘এভাবে সবার ফেল করার কথা না। শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ফেল দেখাচ্ছে। মনে হয় কোথাও ভুলের কারণে এ রকম দেখাচ্ছে। আগামী রোববারের মধ্যে এ সমস্যার সমাধান হবে বলে জেনেছি।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কাগজপত্রে শিক্ষক দেখানো হলেও এখনো কাউকে নিয়োগ দিইনি। তিনজন শিক্ষক খণ্ডকালীন শিক্ষকতা করেন। আপাতত এভাবেই চালাচ্ছি। এমপিওভুক্ত না হওয়ায় শিক্ষক আসেন না। এগুলো বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছি। এভাবে চালানো সম্ভব না।’
এ বিষয়ে কথা বলার জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুর রশিদের মুঠোফোনে কল করা হলে তিনি সাংবাদিক পরিচয় শুনে সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে একাধিকবার চেষ্টা করা হলেও ফোন ধরেননি। জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ওয়ালিউল্লাহও কল ধরেননি।