নেত্রকোনায় দুটি মন্দিরের প্রতিমা ভাঙচুর, আগুন
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার কৈলাটি গ্রামে কৈলাটি মধ্যপাড়া সর্বজনীন কালীমন্দির ও মাঝিপাড়া সর্বজনীন কালীমন্দিরে গত শনিবার গভীর রাতে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ ও প্রতিমা ভাঙচুর করেছে।
পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে একই উপজেলার আলী উসমান নামের এক ব্যক্তিকে আটক করেছে।
থানার পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার গভীর রাতে কৈলাটি মধ্যপাড়ার শত বছরের পুরোনো মন্দিরে দুর্বৃত্তরা আগুন দেয় ও চারটি প্রতিমা ভাঙচুর করে। আগুনে মন্দিরের বারান্দা ও ভেতরের কিছু অংশ পুড়ে যায়। এদিকে একই রাতে একই গ্রামের মাঝিপাড়ায় কালীমন্দিরের কালী ও মহাদেবের প্রতিমা ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়। দুটি মন্দিরেরই দানবাক্সের টাকা লুট করে খালি বাক্স রাস্তায় ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
সকালে পূজারিরা পূজা দিতে গেলে প্রতিমা ভাঙচুরের বিষয়টি নজরে আসে। পরে স্থানীয় লোকজন বিষয়টি প্রশাসনকে অবহিত করেন।
খবর পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক ইউসুফ আলী, পুলিশ সুপার জাকির হোসেন খান, সংসদ সদস্য প্রার্থী ছবি বিশ্বাস, সাংসদ মোস্তাক আহমদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক সুনীল বিশ্বাসসহ অনেকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ সুপার বলেন, ‘ধারণা করা হচ্ছে, মধ্যপাড়া কালীমন্দিরে কেরোসিন ঢেলে আগুন দেওয়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’