নেত্রকোনায় ধর্ষণের দায়ে যাবজ্জীবন
নেত্রকোনায় এক কলেজছাত্রীকে ধর্ষণের দায়ে লিটন চন্দ্র দাস (২৬) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ কে এম আবুল কাশেম এ রায় দেন। মামলার পর থেকেই লিটন চন্দ্র দাস পলাতক রয়েছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা গেছে, নেত্রকোনার মদন উপজেলার ওই ছাত্রী জেলা শহরে তাঁর বোনের বাসায় থেকে একটি কলেজে পড়তেন। ২০০৬ সালের ২২ এপ্রিল লিটন ওই ছাত্রীকে বাসায় একা পেয়ে ধর্ষণ করেন। ঘটনার চার দিন পর ২৬ এপ্রিল নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন ওই ছাত্রী। পুলিশ তদন্ত শেষে ওই বছরের ২৫ আগস্ট লিটনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। গত মঙ্গলবার আদালত চারজন সাক্ষীর সাক্ষ্য শেষে লিটনকে এই দণ্ড দেন।