নেত্রকোনায় ধর্ষণের দায়ে যাবজ্জীবন
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ধর্ষণের দায়ে মাসুদ রানা (৩২) নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে পাঁচ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ কে এম আবুল কাশেম এ রায় দেন।
মাসুদের বাড়ি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার ঘোড়াগাও গ্রামে। রায় ঘোষণার সময় তিনি আদালতে অনুপস্থিত ছিলেন। তিনি হাইকোর্ট থেকে জামিন নিয়ে পলাতক আছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা গেছে, ২০১৫ সালের ২৮ ফেব্রুয়ারি সদর উপজেলার এক কলেজছাত্রীকে পুলিশে চাকরি দেওয়ার কথা বলে মাসুদ রানা ওই ছাত্রীর পরিবারের কাছ থেকে ৫০ হাজার টাকা নেন। এরপর ৪ মার্চ ওই ছাত্রীকে পুলিশ লাইনসে নিয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে নিয়ে ধর্ষণ করেন। ঘটনার পরের দিন ওই ছাত্রী নিজে বাদী হয়ে মাসুদকে আসামি করে কলমাকান্দা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পুলিশ ওই বছরের ২২ মে আদালতে অভিযোগপত্র জমা দেয়।