নেত্রকোনায় ধর্ষণের দায়ে যাবজ্জীবন
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় এক কলেজছাত্রীকে ধর্ষণের দায়ে মাসুদ রানা (৩২) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে পাঁচ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ কে এম আবুল কাশেম গতকাল মঙ্গলবার এ রায় দেন। সাজাপ্রাপ্ত মাসুদ রানার বাড়ি কলমাকান্দা উপজেলার ঘোড়াগাঁও গ্রামে।
মামলার সংক্ষিপ্ত বিবরণ সূত্রে জানা যায়, ২০১৫ সালের ফেব্রুয়ারিতে পুলিশে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সদর উপজেলার এক কলেজছাত্রীর পরিবারের কাছ থেকে ৫০ হাজার টাকা নেন মাসুদ রানা। গত ৪ মার্চ পুলিশ লাইনে নিয়ে দাঁড় করানোর কথা বলে তিনি মেয়েটিকে নিয়ে বের হন। কিন্তু সেখানে না নিয়ে কলমাকান্দা উপজেলায় চেমটি এলাকায় একটি পাহাড়ের কাছে নিয়ে গিয়ে মাসুদ রানা মেয়েটিকে ধর্ষণ করেন। এই ঘটনায় পরদিন মেয়েটি বাদী হয়ে মাসুদ রানাকে আসামি করে কলমাকান্দা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পুলিশ একই বছরের ২২ মে আদালতে অভিযোগপত্র জমা দেয়।