নেত্রকোনায় নির্বাহী প্রকৌশলী লাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী নুরুল হোসেন আওয়ামী লীগের কয়েকজন ঠিকাদারের হাতে লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি রায় (৪৫) ও পৌর কৃষকলীগের আহ্বায়ক মাসুদ (৪০)।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নেত্রকোনা সদর উপজেলার মদনপুর মাজার-সংলগ্ন একটি রাস্তা সংস্কারের কাজ দরপত্র ছাড়াই না দেওয়ায় মৃণাল কান্তি রায় ও মজিবুল আলম হীরার নেতৃত্বে ছাত্রলীগ ও যুবলীগের ক্যাডাররা রোববার সন্ধ্যায় নির্বাহী প্রকৌশলীর অফিস কক্ষে গিয়ে তাঁকে লাঞ্ছিত করেন। এ সময় তাঁকে রক্ষা করতে গিয়ে অফিসের কর্মচারী হারুন, রাসেল, মোফাজ্জল, আনোয়ার ও জয়নাল মারধরের শিকার হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে।সদর থানা পুলিশ জানায়, এ ঘটনায় নির্বাহী প্রকৌশলী নয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ১৮ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। পুলিশ রাতেই ওই দুই নেতাকে গ্রেপ্তার করে। পুলিশ সুপার শেখ নাজমুল আলম জানান, গ্রেপ্তার হওয়া দুই নেতাকে গতকাল সোমবার নেত্রকোনার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আমিনুল ইসলামের আদালতে হাজির করা হয়। আদালত তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।