নেত্রকোনায় নয় বিদ্রোহীকে আ.লীগ থেকে বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলীয় সিদ্ধান্ত অমান্য করে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় আওয়ামী লীগের নয়জন বিদ্রোহীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে কলমাকান্দা প্রেসক্লাবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি চন্দন বিশ্বাস ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
বহিষ্কৃত ব্যক্তিরা হলেন: নাজিরপুর ইউপির বর্তমান চেয়ারম্যান আবদুল কুদ্দুছ, সাইদুর রহমান, খারনৈ ইউপিতে সিরাজুল হক, সাইফুল ইসলাম, রংছাতি ইউপিতে আফতাব উদ্দিন, বড়খাপন ইউপিতে মৃদুল কান্তি তালুকদার, কৈলাটি ইউপিতে তাপস বিশ্বাস, পোগলা ইউপিতে রফিকুল ইসলাম ও সেলিম খান।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি চন্দন বিশ্বাস প্রথম আলোকে বলেন, বারবার অনুরোধ করার পরও তাঁরা দলীয় সিদ্ধান্ত না মেনে নির্বাচন করছেন, এ কারণে কেন্দ্রীয় ও জেলা কমিটির নির্দেশে তাঁদের সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
এই উপজেলায় চতুর্থ দফার ইউপি নির্বাচনে আগামী ৭ মে ভোট গ্রহণ হবে। ২৭ মার্চ ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল ১৮ এপ্রিল।