নেত্রকোনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
নেত্রকোনার দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনের পুকুরের পানিতে ডুবে গতকাল বৃহস্পতিবার দুপুরে দুই শিশুর মৃত্যু হয়েছে। এরা হচ্ছে ঢাকার কামরাঙ্গীরচর আল আমীন মাদ্রাসার চতুর্থ শ্রেণীর ছাত্রী স্বর্ণালী (৯) ও দুর্গাপুরের হলি চাইল্ড লার্নিং হোমসের তৃতীয় শ্রেণীর ছাত্র শাওন (৮)। স্থানীয় সূত্র জানায়, দুর্গাপুরের ডাকুমারা গ্রামের মো. সেলিম বাশার ব্যবসার সুবাদে ঢাকার কামরাঙ্গীরচরে থাকেন। ঈদের সময় স্ত্রী-সন্তান নিয়ে তিনি দুর্গাপুরের সাধুপাড়ায় শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। গতকাল দুপুরে তাঁর মেয়ে স্বর্ণালী সাধুপাড়া গ্রামের মো. শাহীন মিয়ার ছেলে শাওনকে নিয়ে নানা মোবারক মিয়ার বাড়ির কাছের একটি পুকুরে গোসল করতে যায়। একপর্যায়ে স্বর্ণালী পানিতে পড়ে গেলে তাকে বাঁচাতে শাওনও পানিতে নামে। উভয়েই ডুবে যায়। প্রায় আধা ঘণ্টা পর পুকুরে তাদের লাশ ভেসে ওঠে। দুর্গাপুর থানার উপপরিদর্শক মো. হাতেম জানান, শিশু দুটি পানিতে ডুবে মারা গেছে। পুকুরে গোসল করতে গিয়ে এ ঘটনা ঘটে।