নেত্রকোনায় পুলিশের ওপর হামলার ঘটনায় ৪৭ জন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়ায় ছাত্রদলের হামলায় পুলিশের ১৩ জন সদস্য আহত হওয়ার ঘটনায় গত শুক্রবার সন্ধ্যা থেকে আজ শনিবার সন্ধ্যা পর্যন্ত ৪৭ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ফরিদ আহম্মেদ ছাড়াও বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা রয়েছেন। কেন্দুয়া ছাড়াও জেলার বিভিন্ন স্থান থেকে পুলিশ অভিযান চালিয়ে তাঁদের আটক করে।
ঘটনায় আজ শনিবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে পুলিশ সুপার জয়দেব চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয় বাসিন্দা, ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কেন্দুয়া পৌর শহরের আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ছাত্রদলের কর্মী সমাবেশের প্রস্তুতি চলছিল। সমাবেশে অন্তত এক হাজারের ওপরে জমায়েত ছিল। এ সময় ওই জায়গায় পুলিশ গিয়ে সমাবেশ বন্ধ করা নির্দেশ দেয়। এতে ছাত্রদলের নেতা-কর্মীরা রাজি হয়নি। একপর্যায়ে পুলিশ বাধা দিলে নেতা-কর্মীরা পুলিশের ওপর হামলা চালান। তাঁদের ছোড়া ইটপাটকেলে পুলিশের ১৩ সদস্য আহত হন। তাঁদের মধ্যে পাঁচজন উপপরিদর্শক (এসআই), একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) ও সাতজন সদস্য রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আত্মরক্ষার্থে একপর্যায়ে পুলিশ দৌড়ে ওই বিদ্যালয়ের রোকেয়া নামের একটি কক্ষে গিয়ে দরজা বন্ধ করে দেয়। এ সময় হামলাকারীরা পাশের বাড়ি থেকে খড়, বাঁশ, কাঠ এনে কক্ষের দরজার সামনে আগুন ধরিয়ে দেওয়া চেষ্টা করে। কক্ষের খোলা জানালা দিয়ে ইটপাটকেল ছুড়ে ও বাঁশ দিয়ে আঘাত করে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশের আহত সদস্যদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে ওই দিন দুপুরে পুলিশের আহত সদস্যদের নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা ছয়জনের অবস্থার অবনতি হলে ওই দিন রাত পৌনে নয়টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ওই দিনের ঘটনার প্রত্যক্ষদর্শী রেজিয়া আক্তার নামে এক নারী প্রথম আলোকে বলেন, ‘শুক্রবার সকাল নয়টা থেকে লোকজন মাঠে জমায়েত হতে থাকে। ঘণ্টা দুয়েকের মধ্যে হাজার খানিক মানুষ মাঠে জড়ো হয়। এ সময় পুলিশ মাঠে আসার পরপরই হামলা শুরু হয়।’
কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম হিলালী বলেন, পুলিশের কাছ থেকে মৌখিক অনুমতি নিয়েই সমাবেশের আয়োজন করা হয়। শান্তিপূর্ণভাবে সমাবেশ চলাকালে পুলিশ এসে ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর লাঠিপেটা করে। এতে কেন্দ্রীয় ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদকসহ অন্তত ১৫ জন নেতা-কর্মী আহত হন। তাঁরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। তিনি বলেন, ‘এ ঘটনার পর পুলিশ গণহারে আমাদের দলীয় নেতা-কর্মীদের গ্রেপ্তার করছে।’
অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান বলেন, ‘আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশকে পুড়িয়ে মারার জন্য আনা বাঁশ, কাঠ, খড় ইত্যাদি জব্দ করা হয়েছে।’ তিনি আরও বলেন, পুলিশ সদস্যদের পুড়িয়ে মারার চেষ্টা ছাড়াও বড় ধরনের নাশকতা করার পরিকল্পনা ছিল।
রাত পৌনে আটটার দিকে পুলিশ সুপার জয়দেব চৌধুরী বলেন, ঘটনায় পুলিশ বাদী হয়ে ২১৬ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ৪০০ থেকে ৫০০ জনের নামে মামলা করা হয়েছে। আটকদের মামলায় গ্রেপ্তার দেখানো হবে