নেত্রকোনায় পৃথক ধর্ষণ মামলায় দুজনের যাবজ্জীবন
নেত্রকোনায় পৃথক দুটি ধর্ষণ মামলায় দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ কে এম আবুল কাশেম ওই দুটি মামলার রায় ঘোষণা করেন। মামলার পর থেকেই আসামিরা পলাতক রয়েছেন।
আদালত সূত্র জানায়, জেলার কেন্দুয়া উপজেলার ফারুক (৩৩) ২০০৯ সালের ১০ জুন বিকেলে একই উপজেলার এক তরুণীকে (২০) ধর্ষণ করেন। পরের দিন মেয়েটির মা বাদী হয়ে কেন্দুয়া থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ওই বছরের ১২ অক্টোবর আদালতে অভিযোগপত্র জমা দেয়। আদালত পাঁচজন সাক্ষীর সাক্ষ্য শেষে ফারুককে যাবজ্জীবন কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেন।
অপর দিকে একই আদালত এক আদিবাসী নারীকে ধর্ষণের দায়ে আমির হামজা (৩৫) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা গেছে, জেলার কলমাকান্দা উপজেলার আমির হামজা ২০০৮ সালের ১০ অক্টোবর একই উপজেলার এক আদিবাসী নারীকে (৩০) ধর্ষণ করেন। ঘটনার তিন দিন পর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন ওই নারী। পুলিশ তদন্ত শেষে ওই বছরের ১২ নভেম্বর আমির হামজার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। আদালত ছয়জন সাক্ষীর সাক্ষ্য শেষে তাঁকে এ দণ্ড দেন।