নেত্রকোনায় প্রতিপক্ষের হামলায় আহত বাবা-ছেলের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার আটপাড়া উপজেলায় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত তাজুল ইসলাম (৬০) ও তাঁর ছেলে সুমন মিয়া (৩০) অবশেষে মারা গেছেন। গত রোববার দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়। এ ঘটনায় প্রতিপক্ষের বিরুদ্ধে করা আগের মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হবে বলে পুলিশ জানিয়েছে।নিহত ব্যক্তিদের পরিবার, পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার শরমুশিয়া ইউনিয়নের রূপচন্দ্রপুর গ্রামের তাজুল ইসলামের পরিবারের সঙ্গে প্রতিবেশী খাঁ গোষ্ঠীর লোকদের বিরোধ চলছিল। ঘটনার দিন রোববার সকালে তাজুল ইসলাম, ছেলে সুমন মিয়া ও সোহাগ মিয়া হাওর থেকে বাড়ি ফেরার পথে খাঁ গোষ্ঠীর রোকনউদ্দিন ওরফে আফসোস খাঁ, জসিম উদ্দিন খাঁ, সাবাশ খাঁ, সন্তু খাঁ, হামিদ খাঁসহ প্রতিপক্ষের লোকজন দেশি অস্ত্র-শস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালান। এতে গুরুতর আহত তাজুল ইসলাম ও তাঁর ছেলে সুমন মিয়াকে প্রথমে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে প্রথমে তাজুল ইসলাম ও পরে সুমন মিয়ার মৃত্যু ঘটে।নিহত ব্যক্তির ছেলে সোহাগ মিয়া বলেন, ‘বাবা ও ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে তা থানা পুলিশকে অবহিত করা হয়েছে। আমরা এখন বাড়িতে লাশের জন্য অপেক্ষা করছি।’ঢাকায় লাশের সঙ্গে থাকা নিহত তাজুল ইসলামের জামাতা সোনা মিয়া ও ভাগনি জামাই রেজাউল করিম গতকাল সোমবার দুপুরে প্রথম আলোকে জানান, ময়নাতদন্তের জন্য লাশ দুটি মর্গে নেওয়া হয়েছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, পূর্ব পরিকল্পিতভাবে হামলায় আহত বাবা-ছেলের মৃত্যুর খবর পাওয়া গেছে। হামলার ঘটনায় ১৫ জনের বিরুদ্ধে করা আগের মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তরিত হবে। আগের মামলায় ইতিমধ্যে প্রধান আসামি রোকন উদ্দিন ওরফে আফসোস খাঁকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।