নেত্রকোনায় প্রতিমা ভাঙচুর
নেত্রকোনার বারহাট্টা উপজেলার বাউসী ইউনিয়নের হারুলিয়া গ্রামের মন্দির কমিটির সভাপতি প্রণব ঘোষ ওরফে রনু ঘোষের বাড়ির উঠানে পূজার জন্য নির্মাণাধীন চারটি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার গভীর রাতের ওই ঘটনায় গতকাল শুক্রবার একটি মামলা হয়েছে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বাড়িতে পূজার আয়োজনের জন্য কয়েক দিন ধরে প্রণব ঘোষের বাড়িতে প্রতিমা তৈরির কাজ চলছিল। প্রতিমাগুলো রোদে শুকাতে বাড়ির উঠানে রাখা হয়। গত বৃহস্পতিবার গভীর রাতে মুখোশ পরা চারজন দুর্বৃত্ত হামলা চালিয়ে চারটি প্রতিমা মাটিতে ফেলে ভেঙে ফেলে। ওই সময় শব্দ শুনতে পেয়ে প্রণব ঘোষের বাড়ির ও আশপাশের বাড়ির লোকজন বেরিয়ে এসে দুর্বৃত্তদের ধাওয়া করেন। কিন্তু তাদের ধরা যায়নি। রাতেই প্রণব ঘোষ প্রশাসনকে বিষয়টি জানান।
প্রণব ঘোষ বলেন, দুর্বৃত্তরা মুখোশ পরে থাকায় চেনা যায়নি। এ ঘটনায় গতকাল অজ্ঞাত চারজনকে আসামি করে মামলা করা হয়েছে।
গতকাল সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ সুপার, জেলা পূজা উদ্যাপন কমিটির লোকজন ও স্থানীয় নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ সুপার মো. জাকির হোসেন খান বলেন, হামলায় কালী প্রতিমাসহ কয়েকটি প্রতিমা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।