নেত্রকোনায় প্রধান শিক্ষকের বেত্রাঘাতে ১৩ শিক্ষার্থী আহত
নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের মৌলভীনগর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম হাসিম উদ্দিন গত বুধবার ১৩ শিক্ষার্থীকে বেত দিয়ে পিটিয়ে আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আহত শিক্ষার্থীদের মধ্যে একটি ছেলে ও একটি মেয়েকে গুরুতর অবস্থায় নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী ও হাসপাতাল সূত্রের বিবরণ অনুযায়ী, দশম শ্রেণীর কক্ষে বসে বুধবার দুপুরে দ্বিতীয় সাময়িক পরীক্ষার খাতা দেখছিলেন এক শিক্ষক। তিনি শিক্ষার্থীদের নম্বর খাতায় তুলতে তাঁকে সহযোগিতা করতে বললে শিক্ষার্থীরা বিস্কুট খাওয়ার আবদার করে। তিনি শিক্ষার্থীদের ২০ টাকা দেন। এ নিয়ে শিক্ষার্থীরা হাসি-ঠাট্টা করছিল। এ সময় প্রধান শিক্ষক পাশের নবম শ্রেণীতে পাঠদান করছিলেন। হট্টগোল শুনে তিনি দশম শ্রেণীতে এসে শিক্ষার্থী আরিফুল ইসলামকে মারধর শুরু করেন। পরে বেত এনে অন্য শিক্ষার্থীদেরও মারতে থাকেন। এতে আরিফুলসহ ১৩ শিক্ষার্থী আহত হয়।আহত এক শিক্ষার্থীর মা আনোয়ারা বেগম জানান, শিক্ষক হাসিম উদ্দিনের বেদম প্রহারে তাঁর মেয়ে চেতনা হারিয়ে ফেলে। খবর পেয়ে তিনি গিয়ে মেয়েকে হাসপাতালে নেন।নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষক বলেন, প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের এভাবে মারধরের অভিযোগ পুরোনো। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আতাউর রহমান বলেন, ‘কমিটির সদস্যদের নিয়ে আলোচনা করে ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’প্রধান শিক্ষক হাসিম উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। তাঁর ব্যবহূত মুঠোফোনটিও বন্ধ ছিল।