নেত্রকোনায় ফিশপ্লেট খুলে ফেলায় ট্রেন চলাচলে বিঘ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনায় গত শুক্রবার রাতে দুর্বৃত্তরা রেললাইনের ফিশপ্লেট খুলে ফেলায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। গতকাল শনিবার লাইন মেরামত করার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। জামালপুরের সরিষাবাড়ীর জামতলি এলাকায় গতকাল দুপুরে অবরোধকারী ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষে তিনজন আহত হন।
এলাকাবাসী ও রেলওয়ে সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাত একটার দিকে দুর্বৃত্তরা নেত্রকোনা সদর উপজেলার বাহিরচাপড়া নামক স্থানে রেললাইনের ফিশপ্লেট খুলে ফেলে। নিকটবর্তী রেলক্রসিংয়ের লোকজন বিষয়টি স্টেশনমাস্টারকে জানালে ময়মনসিংহ-নেত্রকোনা-মোহনগঞ্জ রেলপথে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ কারণে ভোররাতে ঢাকা থেকে ছেড়ে আসা হাওর এক্সপ্রেস ময়মনসিংহে আটকা পড়ে। কর্তৃপক্ষ ওই রেলপথে সকালের ২৬২ ডাউন লোকাল ট্রেনের যাত্রাও বাতিল করে দেয়। সকালে ময়মনসিংহ থেকে উদ্ধারকারী ট্রেন গিয়ে লাইন মেরামত করে। দুপুরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
জামতলি এলাকায় গতকাল দুপুরে স্থানীয় আওয়ামী লীগসমর্থক লোকমান হোসেনের মোটরসাইকেল ভাঙচুর করেন অবরোধকারীরা। পরে আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকেরা একত্র হয়ে অবরোধকারীদের ধাওয়া দেন। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে লাঠিসোঁটা ও ইটপাটকেলের আঘাতে লিটন মিয়া , লোকমান হোসেনসহ তিনজন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।