নেত্রকোনায় বজ্রপাতে তরুণের মৃত্যু

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলা সদর ইউনিয়নের লক্ষ্মীপুর হাওরে এ ঘটনা ঘটে। মৃত ওই তরুণের নাম মো. মাসুদ মিয়া (২২)। এ সময় তাঁর সঙ্গে থাকা দুটি ছাগলও মারা গেছে।
মৃত মাসুদের বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার তলাইকান্দা গ্রামে। তিনি একই গ্রামের রহমত আলীর ছেলে। খালিয়াজুরী উপজেলা পরিষদের চেয়ারম্যান শামছুজ্জামান তালুকদার প্রথম আলোকে মাসুদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় বাসিন্দা ও উপজেলা চেয়ারম্যান কার্যালয় সূত্রে জানা যায়, বেলা একটার দিকে মুষলধারে বৃষ্টি চলার সময় মাসুদ লক্ষ্মীপুর হাওরে ধান কাটার জন্য অস্থায়ী একটি ঘরে আশ্রয় নেন। এ সময় আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
খালিয়িজুরীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হযরত আলী বজ্রপাতে মো. মাসুদ মিয়ার মৃত্যুর কথা নিশ্চিত করেছেন।