নেত্রকোনায় বসন্তকালীন সাহিত্য উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হরফের নূপুরে নাচি আমরা সবাই’ স্লোগান নিয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে নেত্রকোনায় গতকাল শনিবার দিনব্যাপী পালিত হয়েছে ২০তম বসন্তকালীন সাহিত্য উৎসব ও খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠান। নেত্রকোনা সাহিত্য সমাজ এ উৎসবের আয়োজন করেছে।
এ বছর খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার পেয়েছেন কবিতায় মোহাম্মদ রফিক ও কথাসাহিত্যে জাকির তালুকদার।
ঋতুরাজ বসন্তকে বরণ করতে শহর সেজেছিল বর্ণিল সাজে। সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই তরুণেরা বাহারি রঙের পাঞ্জাবি আর তরুণীরা বাসন্তী রঙের শাড়ি ও খোঁপায় ফুল পরে শহরের মোক্তারপাড়া এলাকায় পুরাতন কালেক্টরেট প্রাঙ্গণে জড়ো হন।
সকাল ১০টায় জাতীয় সংগীত, জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উৎসব উদ্বোধন করেন জেলা প্রশাসক তরুণ কান্তি শিকদার। বেলা ১১টায় বের হয় আনন্দ শোভাযাত্রা। এ ছাড়া দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, স্বরচিত কবিতা ও গল্প পাঠের আসর, আবৃতি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।