নেত্রকোনায় বসন্তকালীন সাহিত্য উৎসব আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘একুশে পা, মাথা নত না’ স্লোগান নিয়ে আজ সোমবার নেত্রকোনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২১তম বসন্তকালীন সাহিত্য উৎসব ও খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার বিতরণ। কবি আসাদ চৌধুরীর হাতে এ বছরের পুরস্কার তুলে দেওয়া হবে।
নেত্রকোনা সাহিত্য সমাজের পক্ষ থেকে প্রথম আলোকে জানানো হয়েছে, আজ সকালে শহরের মোক্তারপাড়া এলাকায় বকুলতলা প্রাঙ্গণে দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করবেন জেলা প্রশাসক মো. মুশফিকুর রহমান। এরপর জেলা উদীচী পরিচালিত হায়দার-শেলী স্মৃতি সংগীত বিদ্যানিকেতনের পক্ষ থেকে ‘বসন্ত বন্দনা’ পরিবেশন করা হবে। সকাল ১০টায় বের করা হবে আনন্দ শোভাযাত্রা। পরে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বংশীবাদক মুখলেছুর রহমানের একক পরিবেশনা, স্বরচিত কবিতা ও ছড়া পাঠ, গল্প পাঠ এবং সাহিত্য আড্ডা হবে।
বিকেল সাড়ে চারটায় উৎসবের দ্বিতীয় পর্বে থাকবে শিল্পী পিয়া বৈশ্যের একক পরিবেশনায় লালন ও জালাল বন্দনা। সন্ধ্যা ছয়টার দিকে ‘বাংলা কবিতার পথ ও কবি আসাদ চৌধুরী’ শীর্ষক প্রবন্ধ পাঠ করবেন কবি সরোজ মোস্তফা। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহীত উল আলম। এ ছাড়া আলোচনায় অংশ নেবেন বিশিষ্ট প্রাবন্ধিক ও শিক্ষাবিদ যতীন সরকার, কবি নির্মলেন্দু গুলণ, কবি আহমেদ স্বপন মাহমুদ, কবি মাসুম মোকাররম প্রমুখ। আলোচনা শেষে খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার ১৪২৩ বিতরণ করা হবে। জেলা উদীচীর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের শেষ হবে।
নেত্রকোনা সাহিত্য সমাজের সভাপতি কামরুজ্জামান চৌধুরী বলেন, নেত্রকোনা সাহিত্য সমাজ ১৯৯৭ সাল থেকে প্রতিবছর একজন বরেণ্য লেখক, প্রাবন্ধিক কিংবা কবিকে এ পুরস্কার দিয়ে আসছে। ইতিমধ্যে ২০ জন কবি-সাহিত্যিককে খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার দেওয়া হয়েছে।
বসন্তবরণ: এদিকে নেত্রকোনা সরকারি কলেজের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের প্রধান আফজাল রহমান বলেন, আজ ফাল্গুনের প্রথম দিন। এ উপলক্ষে সকাল আটটার দিকে কলেজ প্রাঙ্গণে বসন্তবরণ অনুষ্ঠান হবে।